গত ২৯ মার্চ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঘটনাস্থলে উপস্থিত সকলের বয়ান আলাদা আলাদা হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি, যা আরও উসকে গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের জবাবে।
আর্টিস্ট ফোরাম গোটা বিষয়ে জবাব চেয়েছিল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে সেই প্রশ্নের জবাব এসেছে। কিন্তু তাতে তুষ্ট নয়। এরপরই ৩ এপ্রিল রাতে আর্টিস্ট ফোরামের তরফে মিটিং ডাকা হয়। সেখানেই জানানো হয় তাঁরা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করবে আর্টিস্ট ফোরাম।
৪ এপ্রিল এই অভিযোগ দায়ের করা হবে বলে আজকাল ডট ইনকে জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে সেদিন তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও থাকবেন কিনা সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। আগামী শনিবার আর্টিস্ট ফোরামের তরফে দুপুর ২ টোর পর FIR দায়ের করা হবে। আইনি পরামর্শে তাঁরা সমস্ত পদক্ষেপ নিয়েছেন বলেই জানান এদিন সাংবাদিক সম্মেলনে। পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত চেয়ে FIR করা হবে।
প্রসঙ্গত, এদিনই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের 'বন্ধু'রা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত তাঁর মৃত্যুর বিচার এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মিছিল করবেন।
এদিন আর্টিস্ট ফোরামের মিটিংয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল, পায়েল দে, আবির চট্টোপাধ্যায়, দিগন্ত বাগচি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন মিটিং শেষে বলেন, 'যে চলে গেছে তাকে তো ফেরানো যাবে না। কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এগোনোর জন্য আইনি পরামর্শ দরকার। আমরাও যে আঘাত পেয়েছি সেটা কাটাতে সময় লাগবে। কিন্তু তার আগেই যে ধরনের কথাবার্তা চলছিল.... যাই, হোক। আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে।'
২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৩০ মার্চ ময়নাতদন্তের পর রাহুলের মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেদিনই সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁর ছেলে সহজ তাঁর মুখাগ্নি করেছে।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
















