প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। জানা গিয়েছে, ২৯ মার্চ রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর! এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে। ওড়িশার তালসারি সংলগ্ন অঞ্চলের সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকের দল। এইমুহূর্তে অভিনেতার দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল। এবং তলিয়ে যান! তারপর দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তাঁর দেহ পাওয়া গেলে ৬টা ২০নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে এবং অভিনেতার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগামীকাল কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হবে।
২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন রাহুল। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। মাঝে বিচ্ছেদের সুর শোনা গেলেও ছেলে সহজের ভবিষ্যতের কথা ভেবে আবারও এক ছাদের তলায় থাকা শুরু করেছিলেন তাঁরা। অভিনয়ের পাশাপাশি তাঁর পডকাস্ট শো ‘সহজ কথা’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন টলিপাড়ায় তাঁর দীর্ঘদিনের বন্ধুরা।
আজকাল ডট ইন-কে পরিচালক-অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় অস্ফুট স্বরে বলে উঠলেন, “আমি জানি না কী বলব। আমি স্তম্ভিত! বিশ্বাস করলে তারপর তো বলব...আমাদের, বাংলা ছবির জগতের অপূরণীয় ক্ষতি বলতেও তো গলায় আটকাচ্ছে। কারণ বিশ্বাস-ই তো হচ্ছে না। এ তো একপ্রকার জ্যান্ত মানুষ কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যাওয়া! মাত্র দু’দিন আগে কথা হল জানেন। রাহুলদা ফোন করেছিল, বলছিল- 'সহজ কথায় আসতে হবে এবার'। ভাবতেই পারছি না সেই মানুষটাই...জানেন,আমার সঙ্গে রাহুলদার আগে অতটা সখ্য ছিল না। বেশ কিছুদিন আগে আমার অভিনীত একটি নাটক দেখতে এসেছিল। সেই শুরু। থিয়েটার, পড়াশুনা আর ক্রিকেট -এই তিন নিয়ে ছিল আমাদের আড্ডা। বিষয়ভিত্তিক আড্ডা হত ফোনে, হোয়াটস অ্যাপে। থিয়েটার নিয়ে শিশুর মতো উৎসাহ ছিল। বারবার বলত, ‘আমি মন দিয়ে থিয়েটারটা করা শুরু করেছি আবার।’ সেসব কথা বারবার মনে ফিরে ফিরে আসছে। শুধু এটুকু বলব, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং শৈল্পিকভাবে একজন সচেতনভাবে মানুষ। ছিল বলতেও গলা কাঁপছে আমার...আর বলতে পারছি না কিছু। আমাকে ক্ষমা করবেন।
রেজওয়ান রব্বানি শেখ আজকাল ডট ইন-কে বললেন, “বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। জীবন কত অনিশ্চিত আরও একবার চোখে আঙ্গুল দিয়ে বোঝানো হল আমাদের। খুব খারাপ লাগছে। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি তবু একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনও আমাদের। যদিও সুসম্পর্কই ছিল ওর সঙ্গে। তুই-তোকারি সম্পর্ক। পরস্পরের কাজ ভাল লাগলে ফোনে জানতাম। দেখা হলে আড্ডা হতো। আর এত পড়াশোনা, জীবনের প্রতি ওর নিজস্ব একটা দর্শন ছিল, রাজনৈতিকভাবে ওয়েল সাউন্ড... কী বলব বুঝে উঠতে পারছি না। আমার আরও খারাপ লাগছে প্রিয়াঙ্কা আর সহ্যের জন্য। প্রিয়াঙ্কাকে ফোনও করেছিলাম, জবাব পাইনি ন্যাচারেলি! দেখি যোগাযোগ করে ওদের কাছে পৌঁছনোর চেষ্টা করব।”
ঋষভ বসু একটি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে ছিলেন। সেখানেই এই দুঃসংবাদ আসে। আজকাল ডট ইন-কে ঋষভ বললেন, “সবাই খেলা থামিয়ে দিয়েছে। বনি সেনগুপ্ত টলিপাড়ার শিল্পীদের নিয়ে যে ক্রিকেট টুর্নামেন্টটার আয়োজন করেছে, সেখানেই আছি আমরা। সত্যি বলতে কী, আমরা স্তম্ভিত! কিছুদিন আগেও কথা হল। ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এ কাজ করার কত কত স্মৃতি। আমি আর পারছি না কিছু বলতে। প্লিজ, আমাকে ক্ষমা করুন।”
সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায় নিয়ে বড়পর্দায় তৈরি হওয়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। আজকাল ডট ইন-কে সুযোগ বললেন, “আমার চোখে জল চলে এসেছে। এত ভাল একজন মানুষ, এত নম্র, এত সহজ একজন মানুষ আর নেই আমাদের মধ্যে...কী করে হতে পারে? কত পড়াশোনা ছিল, শৈল্পিক, রাজনৈতিক বোধ ছিল প্রখর। কথা বলে আরাম পাওয়া যেত। আমার কোনও কাজ ভাল লাগলেই ফোন করে শুভেচ্ছা জানাতো। টলিপাড়ায় রাহুলের মতো অভিনেতা, সর্বোপরি ওর মতো একজন মানুষ বিরল। খুব পছন্দ করতাম ওকে। কেন এমন হয় জানি না। কিন্তু হয়! কী ক্ষতি যে হল বাংলা ছবির জগতের...আর ওর ছেলে সহ্যের মুখটা মনে পড়ছে, বুকটা মুচড়ে উঠছে। ”
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দু’দশকের বেশি সময় ধরে টলিপাড়ায় চুটিয়ে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে দর্শকরা তাঁকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
&t=2069s















