১৯ মার্চ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। গল্প, নৃশংসতা, অভিনেতাদের অভিনয়, সবটা মিলিয়ে চর্চায় রয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসাও করছে। এই ছবির প্রথম ভাগে ২৬/১১ এর ঘটনাকে তুলে ধরা হয়েছিল। এবার সেই প্রসঙ্গে একটি ব্যক্তিগত স্মৃতি মনে করলেন অর্জুন রামপাল। 

২৬/১১ এর দিন অর্জুন রামপালেরও তাজ হোটেলেই থাকার কথা ছিল। এমনকী তিনি তাঁর জন্মদিন উপলক্ষ্যে সেখানে একটি পার্টিতেই যাচ্ছিলেন। আর তখনই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। অর্জুন রামপাল সম্প্রতি জানিয়েছেন আদিত্য ধর যখন তাঁকে ২৬/১১ এর সিন বোঝাচ্ছিলেন তাঁর সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ব্যক্তিগত স্মৃতি মনে পড়ায় তিনি ঠিক করে নেন তাঁর সেই রাগ, কষ্ট, ক্ষোভ সব পারফরমেন্সের মধ্য দিয়ে তুলে ধরবেন। এভাবেই তিনি সেই ঘটনার বিরোধিতা করে, বদলা নেবেন। শুধু তাই নয় তিনি তাঁর বক্তব্যের শেষে, 'ভারত মাতা কী জয়' স্লোগান দেন। বলাই বাহুল্য অর্জুন রামপালের এই কথা রীতিমত সাড়া ফেলে দিয়েছে। 

মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৮২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে 'ধুরন্ধর ২'। এর মধ্যে ৬২০ কোটি ৬৯ লাখ টাকা ভারতীয় বক্স অফিস থেকে এসেছে। আর বাকি ২১০ কোটি ভারতের বাইরে। বলা যায় এটি ভারতের অন্যতম দ্রুত ব্লকবাস্টার ছবি হওয়ার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে পাঁচ দিনের আয়ের নিরিখে 'ধুরন্ধর ২' বক্স অফিসে 'পাঠান' -কে ছাপিয়ে গিয়েছে এবং লাইকসের নিরিখে 'বাহুবলী ২', 'পুষ্পা ২' -কে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ধুরন্ধর ২ ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিটির লাইফটাইম আয়, ৮০৭ কোটিকে ছাপিয়ে গিয়েছে। টপকে গিয়েছে আমির খানের 'পিকে' ছবিকেও। তার লাইফটাইম আয় ছিল ৭৬৯ কোটি টাকা। এবার 'ধুরন্ধর ২' -এর সামনে 'স্ত্রী ২' এবং 'কান্তারা চ্যাপ্টার ১'। অনুমান করা হচ্ছে মঙ্গলবার বিশ্বজুড়ে আয়ের নিরিখে রণবীর সিংয়ের এই ছবি ৯০০ কোটি টাকা ক্রস করে যাবে, ফলে তখন এই দু'টো ছবিকে ছাপিয়ে যাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। জল্পনা সত্যিই করে ছবিটিতে ইয়ামি গৌতমকে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে। রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। তবে আগের বারের মতোই এবারও এই ছবি পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি।