রাণা সরকারের প্রযোজনায় ও রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুনগুন করে মহুয়া'। ছবির শুটিং চলছে জোরকদমে। বেশিরভাগ অংশের শুটিংই শেষের পথে। 

'মহুয়া'র তরুণীবেলার চরিত্রে থাকবেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ও প্রাপ্তবয়স্ক অভিনেত্রীকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। পরিচালক তপন সিনহার চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেতা, পরিচালক অরিন্দম শীলকে। 

আজকাল ডট ইন-কে অরিন্দম শীল বলেন, "যখন রাণা আমায় এই চরিত্রের কথা বলেন, তখনই রাজি হই। পরে শুনেছিলাম মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুই নাকি বলেছিল তপন সিনহার চরিত্রে আমাকেই মানাবে। আর রাজদীপের কাজ তো আগেও দেখেছি। তাই ওর সঙ্গে কাজের ইচ্ছে ছিলই। আমি সাধারণত শুটিং ফ্লোরে গেলে হোম ওয়ার্ক করে যাই। তপনবাবুর সঙ্গে আমার আলাপ ছিল। তাই ওঁর ছিল ভাব-ভঙ্গির সঙ্গে পরিচিত ছিলাম। রেফারেন্স হিসেবে সেরকম কিছুই পাচ্ছিলাম না। তারপর রাজা সেনের একটা ডকুমেন্টারি দেখলাম। শুটিং ফ্লোরে পৌঁছতেই সোমনাথ ওর কারিকুরিতে এমন লুক দিল, চরিত্রটার মধ্যে যেন ঢুকে গেলাম। এই ছবিটা আমার কাছে অসাধারণ প্রাপ্তি বলতে পারি।"

অন্যদিকে, মহুয়ার বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে লোকনাথ দেকে। অভিনেত্রীর বাবা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। মধ্যবিত্তের সংসারে নানা চিন্তার মধ্যেও মেয়ের স্বপ্নকে মরতে দেন না তিনি। মহুয়ার নাচের প্রতি আগ্রহ দেখে তিনিই তাঁকে স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিয়েছিলেন। ছাপোষা এই মধ্যবিত্ত বাঙালিকেই বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন লোকনাথ দে। প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। এই ছবির হাত ধরেই প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়াও অভিনেতা, পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে। সন্ধ্যা রায়ের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এছাড়াও মহুয়ার একজন শুভাকাঙ্ক্ষী, ফিকশনাল চরিত্রে থাকবেন অভিনেতা অর্পণ ঘোষাল। 'গুনগুন করে মহুয়া' ছবিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকছেন ক্যামেরার পিছনে।

প্রসঙ্গত, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে বহু তারকার উপস্থিতি যে থাকবে সেটা তো বলাই বাহুল্য। কিন্তু সেই চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেটা ক্রমশ প্রকাশ্য।