প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। সূত্রের খবর, ধারাবাহিকের শুটিং করছিলেন তালসারিতে। সেই সময়ই জল তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। শোকস্তব্ধ টলিউড। অরিন্দম শীলের পরিচালক ব্যোমকেশ সিরিজের 'অজিত' ছিলেন রাহুল। আজকাল ডট ইন-কে অরিন্দম শীল বলেন, "আমার অজিত চলে গেল। এটা কী করে বিশ্বাস করব? আমার মুখ থেকে কথা সরছে না। এটা চলে যাওয়ার সময়? কাজ করতে করতেই চলে গেল! আজ খুব কুণাল মিত্রর কথা মনে পড়ছে। ও একইভাবে চলে গিয়েছিল। রাহুল যে আর নেই আমার বিশ্বাস হচ্ছে না।"
অরিন্দম শীলের কথায়, "আমি ওঁকে কাছে থেকে দেখেছি, চিনেছি। অসম্ভব জ্ঞান ছিল, বড্ড ভাল মানুষ ছিল। এটা এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না। কত কিছু করার বাকি ছিল ওঁর।"
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় ব্যানার্জি দু'দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তাঁকে ক'দিন আগেই 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
রাহুলকে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রাহুল 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। অভিনেতার প্রয়াণে স্তম্ভিত টলিউড।















