গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং অবসর ঘোষণা করেন। জানিয়ে দেন তিনি আর প্লেব্যাক করবেন না। কিন্তু এবার সেই অবসর কাটিয়ে পুনরায় প্লেব্যাকে ফিরছেন? জল্পনা তেমনই। ইমরান হাশমির আগামী ছবি 'আওয়ারাপান ২' ছবিতে গান গেয়েছেন তিনি। 

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২১ জুলাই মঙ্গলবার এই ছবির গান 'ইয়ে আওয়ারাপান' মুক্তি পাবে। আর এই গানটিই গেয়েছেন অরিজিৎ সিং। 

'আওয়ারাপান ২' ছবির ঘনিষ্ঠ সূত্রের তরফে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, 'আওয়ারাপান ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ ফোর্স বিশেষ ভাট নিজেই এই ছবির সঙ্গীত করেছেন। অরিজিৎ সিং গানটি গেয়েছেন।' 

প্রসঙ্গত বিশেষ ফিল্মসের সঙ্গে অরিজিৎ সিং একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁরা 'আশিকি ২' ছবির 'তুম হি হো' থেকে শুরু করে 'সিটিলাইটস' ছবির 'মুসকুরানে', 'খামোশিয়া' ছবির টাইটেল ট্র্যাক, 'হামারি আধুরি কাহানি'র টাইটেল ট্র্যাক, ইত্যাদি গান উপহার দিয়েছেন। আবারও তাঁরা এই ছবির জন্য জুটি বেঁধেছেন। কয়েক মাসের লম্বা বিরতি দিয়ে আবারও প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ সিং। 

বছরের গোড়াতে অরিজিৎ সিং সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে লেখেন, 'সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই, প্লেব্যাক গায়ক হিসাবে আর কোনও নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই ইতি টানছি। এই যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল।' 

'আওয়ারাপান ২' ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে। এই ছবিতে শিবম পণ্ডিত হয়ে আবারও ধরা দেবেন ইমরান হাশমি। তিনি ছাড়াও এই ছবিতে দিশা পাটানি, শাবানা আজমি, প্রমুখকে দেখা যাবে।