প্রবীণ গায়ক অনুপ জালোটা বুধবার রাতে সোনু নিগম এবং শান-এর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন৷ ছবিতে তিনজন গায়ককে একসঙ্গে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুপ জলোটার লিখেছেন,“সোনু নিগম এবং শানের সঙ্গে, দুই অসাধারণ প্রতিভাবান কণ্ঠের সঙ্গে এক সুন্দর মুহূর্ত। সংগীত সত্যিই আমাদের সবচেয়ে সুন্দরভাবে একত্রিত করে।”
সোনু নিগম ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ, তিন দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে অনুরাগীদের মন জয় করেছেন৷ নব্বইয়ের দশকে বলিউডে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷
অন্যদিকে শান তাঁর মায়াবী কণ্ঠের জন্য পরিচিত। বাংলা হিন্দি এমনকি রবীন্দ্রসঙ্গীতের জন্যও তিনি পরিচিত৷
অনুপ জলোটা ‘ভজন সম্রাট’ নামেই পরিচিত। ভজন ও গজলে তাঁর দীর্ঘদিনের মুন্সিয়ানা।
সম্প্রতি শান এবং অনুপ জলোটা কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।
সোনু নিগমের সঙ্গেও আশাজির সম্পর্ক ছিল আন্তরিক৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সোনু নিগম। তিনি বলেন, “তাঁর প্রয়াণে আমি দুঃখিত, কিন্তু এটাকে শুধুই দুঃখ হিসেবে দেখতে চাই না। তিনি এক পূর্ণ জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত কাজ করে গেছেন। এমন জীবনের জন্য কি কাঁদা উচিত?”
তিনি আরও বলেন, “আমিও চাই দীর্ঘদিন বাঁচতে এবং শেষ পর্যন্ত নিজের কাজকে প্রাসঙ্গিক রাখতে, ঠিক তাঁর মতো। তাঁর জীবন সত্যিই স্যালুট করার মতো। আমরা সৌভাগ্যবান যে তাঁর কাছ থেকে শিখতে পেরেছি। তিনি আমাদের গুরু ছিলেন।”
আশাজির প্রয়াণে সঙ্গীতজগতের একটা যুগের অবসান বলেও মন্তব্য করেছিলেন সোনু নিগম৷ আশাজির মৃত্যুর পর অনুপ জালোটার মতো প্রবীণ শিল্পীর দরাজ প্রশংসা সোনু নিগম এবং শানকে নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের শ্রেষ্ঠ শিল্পীদের অন্যতম বলে প্রতিষ্ঠা করে৷
















