করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র সেই রণবীর সিংয়ের মিষ্টি বোন ‘গোলু’-কে নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, অভিনেত্রী অঞ্জলি আনন্দ। আজ, ১০ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর নতুন কমেডি ছবি ‘ধামাল ৪’। আর এই ছবি মুক্তির আবহেই বলিউডের কাস্টিং ডিরেক্টর ও মেকারদের মানসিকতা নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অঞ্জলি স্পষ্ট জানিয়েছেন, টিনসেল টাউনে তাঁর অভিনয়ের প্রতিভার চেয়ে তাঁর ‘বডি টাইপ’ বা স্থূল চেহারা দেখেই তাঁকে বারবার কাস্ট করা হয়!

অঞ্জলি আনন্দ তাঁর কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত পাওয়া সুযোগগুলোর পেছনের এক কঠিন সত্য তুলে ধরে বলেন, “আজ পর্যন্ত আমি যে কটা সুযোগ পেয়েছি, সব জায়গাতেই আগে আমার শরীর দেখে তার ওপর ভিত্তি করে আমাকে কাস্ট করা হয়েছে। পরে তারা (নির্মাতারা) বুঝতে পেরেছেন যে মেয়েটা অভিনয়টাও করতে পারে এবং তখন আমাকে অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে। আমার প্রথম ওয়েব সিরিজ ‘আনট্যাগ’-এও ওরাই আমার বডি দেখে কাস্ট করেছিল। এর অনেক পরে আমি ‘রাত জওয়ান হ্যায়’ বা ‘ডাব্বা কার্টেল’-এর মতো প্রজেক্টে ভাল কাজ পেয়েছি।” তিনি আরও যোগ করেন যে, টেলিভিশন বা ওটিটি-তে একটু ভিন্ন ধাঁচের কাজ পেলেও, সিনেমার ক্ষেত্রে এখনও পর্যন্ত তিনি এমন কোনও চরিত্রের অফার পাননি যার সঙ্গে তাঁর ওজনের বা শারীরিক গঠনের কোনও সম্পর্ক নেই।

ইন্দ্র কুমারের পরিচালনায় আজই মুক্তি পাওয়া ‘ধমাল ৪’ ছবিতে রিতেশ দেশমুখের বিপরীতে জুটি বেঁধেছেন অঞ্জলি। কিন্তু স্ক্রিপ্ট শোনার পর ওঁর প্রথম প্রতিক্রিয়া ছিল একেবারেই নেতিবাচক।

চেহারা নিয়ে স্থূল রসিকতা বা ‘বডি শেমিং’-এর কারণে ছবিটি প্রথমে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন তিনি। অঞ্জলি বলেন, “আমার প্রথম ইন্সটিঙ্কট ছিল ‘না’। কারণ ছবিতে আমার ওজন নিয়ে কিছু জোকস ছিল। আমি সবসময় বডি শেমিংয়ের বিরুদ্ধে কথা বলি, তাই আমার অনেক অনুরাগীও এমন চরিত্রে অভিনয় করার জন্য কিছুটা ক্ষুণ্ণ হয়েছিলেন। কিন্তু পরে আমি ভাবলাম, এই চরিত্রটা তো কেউ না কেউ করবেই। তাহলে সেই দায়িত্বটা আমি অন্য কাউকে কেন দেব? আমি নিজেই চরিত্রটাকে পর্দায় আরও ভালভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটা নিলাম।”

‘আনট্যাগ’ ওয়েব সিরিজ দিয়ে ডেবিউ করার পর অঞ্জলি টেলিভিশনের জনপ্রিয় শো ‘ঢাই কিলো প্রেম’-এ অভিনয় করেন। কেরিয়ারের শুরুতে বারবার প্লাস-সাইজ ক্যাটাগরিতে স্রেফ কমিক রিলিফের জন্য তাঁকে ব্যবহার করা হত। করণ জোহরের ছবি ‘রকি ঔর রানি কী প্রেম কাহিনি’তে ‘গোলু রানধাওয়া’ চরিত্রটিতেও ওঁর ওজন একটি বড় ফ্যাক্টর ছিল।ওই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি ছিল রণবীর সিং-এর বোনের।
তবে ‘ধামাল ৪’-এ অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র এবং রবি কিষাণের মতো তারকাদের ভিড়ে রিতেশের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন দর্শকদের কতটা হাসাতে পারে, সেটাই এখন দেখার। অভিনেত্রী আশাবাদী, আগামী দিনে বলিউড তাঁর চেহারার গণ্ডি পেরিয়ে ওঁর ভেতরের জাত অভিনেত্রীকে মূল্যায়ন করবে।