আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আবারও ছোটপর্দায় ফিরছেন অনিল কাপুর! কোন শোয়ে দেখা যাবে?
সূত্রের খবর অনিল কাপুর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন। জানা গিয়েছে টিভিতে একটি নতুন রিয়্যালিটি শো আসতে চলেছে। সেখানেই দেখা যাবে অনিল কাপুরকে। তিনি শোটির সঞ্চালনা করবেন। জানা গিয়েছে, তিনি শীঘ্রই রিয়্যালিটি শোটির প্রমোশনাল কন্টেন্ট শুট করবেন। তারপরই আনুষ্ঠানিক ভাবে শোয়ের ঘোষণা করা হবে। যদি বিষয়টা বাস্তবে পরিণত হয়, তবে বলাই বাহুল্য, অনিল কাপুরের ঝুলিতে আরও একটি আকর্ষণীয় শো আসতে চলেছে।
বাবার মৃত্যুর পর খাট জুড়ে টেডি বিয়ার সাজিয়ে রাখেন এষা! কেন?
ধর্মেন্দ্র গত বছরের শেষ দিকে না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর মৃত্যুর পর ছয় মাস কেটে গিয়েছে, এখনও সেই শোক সামলে উঠতে পারেননি তাঁর মেয়ে এষা। বাবার শোকে আজও বিছানা জুড়ে সাজিয়ে রাখেন টেডি বিয়ার। কিন্তু কেন? অভিনেত্রীর কথায় এই টেডি বিয়ারগুলোই যেন তাঁর আর তাঁর বাবার মধ্যে সেতু বন্ধনের কাজ করে। তাঁকে স্বস্তি দেয়।
'পেড্ডি' নিয়ে বিতর্ক তুঙ্গে, তার মাঝে অতীতের কোন ঘটনা স্মরণ করলেন আশা পারেখ?
বর্তমানে 'পেড্ডি' ছবিটি নিয়ে বিতর্কের অন্ত নেই। সেখানে জাহ্নবী কাপুরের পোশাক এবং তাঁকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা নিয়ে নানা নেতিবাচক আলোচনা চলছে সমাজমাধ্যমে। এবার এই বিষয়ে মুখ খুললেন আশা পারেখ। বর্ষীয়ান অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, তাঁকেও এক পরিচালক একটি ছবিতে এমন খোলামেলা পোশাক পরতে বলেছিলেন। তাঁর তাঁর জবাব ছিল, 'আপনার মেয়ে যদি এমন পোশাক পরে আপনি কি তাতে খুশি হবেন?' ফলে সেই প্রস্তাব যে তিনি ফিরিয়ে দেন সেটা স্পষ্ট। কেবল আশা পারেখ নন, জয়া বচ্চনও সরব হয়েছেন এভাবে বারবার ছবিতে মহিলাদের অবজেক্টিফাই করার জন্য।















