বাড়ি ভাড়া দিলেন অক্ষয় 

মুম্বইয়ের আবাসন বাজারে অক্ষয় কুমার মানেই বড়সড় লেনদেন। তবে এবারের খবরটি একটু অন্যরকম। অন্ধেরি ওয়েস্টের নিউ লিঙ্ক রোডের ওবেরয় কমপ্লেক্সে অবস্থিত নিজের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি দেশের অন্যতম সফল পাইলট অ্যানি দিব্যাকে লিজ দিলেন অক্ষয়। সম্পত্তি নিবন্ধন তথ্যের ভিত্তিতে এই খবর নিশ্চিত করেছে 'সিআরই ম্যাট্রিক্স'।যাঁকে অক্ষয় কুমার তাঁর বাড়ির চাবি তুলে দিচ্ছেন, সেই অ্যানি দিব্যা ভারতের গর্ব। তিনি বিশ্বের কনিষ্ঠতম মহিলা হিসেবে ‘ওয়াইড-বডি’ বিমানের (বোয়িং ৭৭৭) কমান্ডারের দায়িত্ব সামলে নজির গড়েছিলেন। আকাশ ছোঁয়া সাফল্যের পর এবার মুম্বইয়ের বুকেও তাঁর ঠিকানা হতে চলেছে অক্ষয়ের এই ‘স্কাই প্যান’ বিল্ডিংয়ের ১১ ও ১২ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটটি।মুম্বইয়ের মতো শহরে ঘর ভাড়া নিতে গেলে মোটা অঙ্কের সিকিউরিটি ডিপোজিট বা অগ্রিম টাকা দেওয়াটাই দস্তুর। কিন্তু অক্ষয়ের এই চুক্তিতে কোনো সিকিউরিটি ডিপোজিটের উল্লেখ নেই! যা আবাসন বিশেষজ্ঞদের বেশ অবাক করেছে।

 

 

ফের ওটিটি-তে অনিল 

ভারতীয় ছোটপর্দায় থ্রিলার ঘরানাকে এক লহমায় বদলে দিয়েছিলেন তিনি। টানটান উত্তেজনা, রিয়েল-টাইম স্টোরিটেলিং আর দুর্ধর্ষ অ্যাকশন— অনিল কাপুরের সেই আইকনিক সিরিজ '২৪' এবার ডিজিটাল দুনিয়ায় পা রাখছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোদ অনিল কাপুর সমাজমাধ্যমে ঘোষণা করলেন জয় সিং রাঠোরের প্রত্যাবর্তনের কথা। আগামী ২৪ এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিয়োহটস্টার -এ শুরু হচ্ছে এই কালজয়ী সিরিজের স্ট্রিমিং। নতুন প্রজন্মের দর্শকদের কাছে ভারতীয় স্পাই থ্রিলারের এই ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ পৌঁছে দিতেই এই উদ্যোগ। অনিল কাপুর তাঁর পোস্টে জয় সিং রাঠোরের সেই অতিপরিচিত তেজ ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন।

এক সময় যখন ভারতীয় টেলিভিশন কেবল পারিবারিক ড্রামায় সীমাবদ্ধ ছিল, তখন অনিল কাপুর নিয়ে এসেছিলেন এই আন্তর্জাতিক মানের থ্রিলার। সিরিজটির মূল আকর্ষণ ছিল এর ফরম্যাট— প্রতিটি এপিসোড ছিল বাস্তবের এক ঘণ্টার সমান। অর্থাৎ ২৪টি এপিসোডে ধরা পড়েছিল এক উত্তেজনাময় দিনের প্রতি মুহূর্তের গল্প।

 

ধুরন্ধর-কীর্তি!  


বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ চতুর্থ সপ্তাহে পা দিয়েও যে গতিতে এগোচ্ছে, তাতে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লেখা হচ্ছে। গত ১৯ মার্চ বড় পর্দায় মুক্তির পর থেকেই এই স্পাই থ্রিলার একের পর এক মাইলফলক স্পর্শ করেছে। এবার প্রথম হিন্দি ছবি হিসেবে ভারতের ঘরোয়া বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে এক ঐতিহাসিক নজির গড়ল এই সিনেমা।


‘স্যাকনিলক’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, মুক্তির চতুর্থ রবিবারেও (২৫তম দিন) ছবিটির সংগ্রহ ঈর্ষণীয়। রবিবার ‘ধুরন্ধর ২’ আয় করেছে ১৪.৭৫ কোটি টাকা। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১০৮৩.৬৭ কোটি টাকা।

এক নজরে ছবির সংগ্রহের খতিয়ান:

প্রথম সপ্তাহ: ৬৭৪.১৭ কোটি টাকা।

দ্বিতীয় সপ্তাহ: ২৬৩.৬৫ কোটি টাকা।

তৃতীয় সপ্তাহ: ১১০.৬০ কোটি টাকা।

চতুর্থ রবিবার (২৫তম দিন): ১৪.৭৫ কোটি টাকা।

ইতিমধ্যেই রণবীরের এই ছবি ভারতের সর্বকালের সেরা ব্লকবাস্টারগুলোর তালিকায় উপরের দিকে উঠে এসেছে। কয়েকদিন আগেই এটি প্রভাসের ‘বাহুবলী ২’ (১০৩০.৪২ কোটি টাকা)-এর লাইফটাইম কালেকশনকে টপকে গিয়েছে। এছাড়া রণবীর সিং ও আদিত্য ধরের এই জুটি পিছনে ফেলে দিয়েছে ‘আরআরআর’ (৭৮২.২০ কোটি টাকা), ‘কেজিএফ ২’ (৮৫৯.৭০ কোটি টাকা), ‘কাল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি টাকা) এবং শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর মতো মেগা হিট ছবিগুলোকে।


এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া বক্স অফিসে অল-টাইম হাইয়েস্ট গ্রসার হিসেবে শীর্ষে রয়েছে অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রাইজ’ (১২৩৪.১০ কোটি টাকা)। রণবীরের ‘ধুরন্ধর ২’ যে ছন্দে এগোচ্ছে, তাতে ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই ‘পুষ্পা ২’-এর রেকর্ডও বিপদের মুখে পড়তে পারে।