বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করা কি এবার বুমেরাং হতে চলেছে জনপ্রিয় তথা বিতর্কিত কমেডিয়ান সময় রায়নার জন্য? জল্পনা এখন তুঙ্গে। সৌজন্যে, প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বিতর্কিত ব্যক্তিত্ব এজাজ খান। সময়ের সাম্প্রতিক শো ‘স্টিল অ্যালাইভ’-এ অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন এজাজ। শুধু সমালোচনা নয়, সময়কে সরাসরি শারীরিক নিগ্রহের হুমকি দিয়ে তিনি জানিয়েছেন, ‘বিগ বি’-র ভক্তরা এখন হন্যে হয়ে সময়কে খুঁজছে।


এক সাক্ষাৎকারে এজাজ খান সময়ের ওপর নিজের রাগ উগরে দেন। তিনি বলেন, “এই অভদ্র লোকটাকে নিয়ে আর কী বলব! ও হয়তো নিজের বাবা-মায়ের সঙ্গেও এভাবেই কথা বলে। হিন্দুস্তানের মহানায়ক অমিতাভ বচ্চন সাহেব, যিনি কয়েক দশক ধরে দেশকে বিনোদন দিয়েছেন, আজ তাঁকে আর তাঁর পরিবারকে যে কেউ এসে যা খুশি বলে যাচ্ছে!” এরপরেই সময়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে এজাজ যোগ করেন, “সময় রায়না, তোর খারাপ সময় আজ থেকে শুরু হল। আমার সামনে আসিস না। বচ্চন সাহেবের অনেক বড় ভক্ত আমি, আর এখন তোকে ওঁর অনেক ভক্ত তোকে খুঁজে বেড়াচ্ছে। একটু সাবধানে চলিস ব্যাটা!”


এখানেই শেষ নয়। হুমকির সুর আরও চড়িয়ে এজাজ বলেন, “যেখানে তোকে দেখব, সেখানেই তোর কান গরম করে দেব। এটাও মনে রাখিস।” এজাজের এই মন্তব্যের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে নেটিজেনদের একাংশ এজাজের সমর্থন করলেও অনেকেই এই উন্মুক্ত হুমকির সমালোচনা করেছেন।

 


পুরো বিতর্কের মূলে রয়েছে সময়ের শো ‘স্টিল অ্যালাইভ’-এর একটি অংশ। সেখানে সময় ২০২৫ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসার স্মৃতি রোমন্থন করছিলেন। তিনি জানান, সেই সময় তাঁর মাথায় অনেক ‘উল্টোপাল্টা’ চিন্তা আসছিল কিন্তু তিনি তা বলতে পারেননি। শো-তে তিনি একটি জোকস শুনিয়ে বলেন, “স্যার, আপনি পোলিও-র এত বিজ্ঞাপন করলেন, তবুও নিজের ছেলেকে কেন পায়ে দাঁড় করাতে পারলেন না?”

 

এখানেই শেষ নয়, সময় আরও দাবি করেন যে তিনি অমিতাভ বচ্চনকে মিথ্যে বলেছিলেন যে তাঁর ঠাকুমা বিগ বি-র অনেক বড় ভক্ত। হাসতে হাসতে সময় বলেন, “আমার ঠাকুমা তো সাত বছর আগেই মারা গেছেন। কিন্তু ইন্টারনেটে বা বড় কোনও শো-তে সত্যি কথা বলা যায় না। গেমটা খেলতে হলে মিথ্যে বলতেই হয়।”

 

সময় রায়নার এই ‘ডার্ক হিউমার’কে অনেকেই ‘অশোভন’ বলে চিহ্নিত করেছেন। বিশেষ করে অভিষেক বচ্চনের কেরিয়ার এবং অমিতাভের পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে রসিকতা সাধারণ মানুষের একাংশ মেনে নিতে পারেননি। অন্যদিকে, এজাজ খানের এই ‘ওপেন থ্রেট’ বির্তকটিকে এক নতুন মোড় দিয়েছে। এখন দেখার, ‘হাস্য কৌতুক’-এর মোড়কে করা এই আক্রমণ আর ‘ভক্তির’ মোড়কে দেওয়া এই হুমকি—শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।