আকাশ আটের দুই ধারাবাহিক 'আদি শক্তি আদ্যাপীঠ' এবং 'খনার বচন' একই সঙ্গে দু'শো পর্ব পার করল। এবার এই দুই ধারাবাহিকে আসতে চলেছে বড়সড় চমক। আগামীতে কী দেখা যাবে এই দুই ধারাবাহিকে জেনে নিন।
'আদি শক্তি আদ্যাপীঠ' ধারাবাহিকটি দেখতে দেখতে ২০০ পর্ব পার করে ফেলল। আকাশ আটের এই জনপ্রিয় ধারাবাহিকের গল্পে এবার আস্তে চলেছে টানটান মোড়। কোন ঘটনার সাক্ষী থাকতে চলেছে অন্নদা ঠাকুর এবং মনিকুন্তলা?
আদ্যা মা এবং ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে নিজের তীর্থযাত্রা কি সম্পন্ন করতে পারবে অন্নদা ঠাকুর? নাকি যাত্রায় কোনও বিঘ্ন ঘটবে? অপেক্ষা করে রয়েছে কোন ঘটনা?
অন্যদিকে মনিকুন্তলা কি আদৌ ধরতে পারবে ছদ্মবেশী আদ্যা মায়ের আসল রূপ? বাগদি বুড়ি যে আদ্যা মা সেটা কি সে বুঝে, অনাথ শিশুদের জন্য আশ্রম খুলতে পারবে নাকি সেখানেও কোনও বাধা আসবে?
সব মিলিয়ে আগামী দিনে 'আদি শক্তি আদ্যাপীঠ' ধারাবাহিকে অন্নদা ঠাকুর এবং মনিকুন্তলার জীবনের নানা ঘটনাবলী নিয়ে গল্প জমে উঠতে চলেছে। এই ধারাবাহিকে অন্নদা ঠাকুরের ভূমিকায় দেখা যাচ্ছে রৌনক ভট্টাচার্যকে। দিগন্তিকা চৌধুরী অভিনয় করছেন মনিকুন্তলার চরিত্রে। দেবী আদ্যার বেশে রয়েছেন মধুশ্রী পাল।
একই সঙ্গে ২০০ পর্ব পার করল 'খনার বচন' ধারাবাহিকটি। অনেকগুলো দিন খনা মিহিরের বন্ধুত্ব থেকে প্রেমের গল্প দেখা গিয়েছে। এবার তাদের মিলনের সময় সূর্যকেতুর জালে ফেঁসে তাকে বিয়ে করতে বাধ্য হয় খনা। অথচ তার বাবা অটনাচার্য মেয়ের মনের কথা জানতে পেরে বিয়ের আসরে ভেঙ্গে দেয় বিয়ে। কী প্রতিক্রিয়া হবে শত্রুপক্ষের? কোন দিকে মোড় নেবে দেউলির ভবিষ্যৎ?
এই ধারাবাহিকে বড় খনার চরিত্রে রয়েছেন ইশিকা রাউত, বড় মিহিরের ভূমিকায় সোহম বাসু রায়চৌধুরী। এছাড়া খনা হিসেবে দেখা যাচ্ছে রিষিতা গাঙ্গুলী। মিহির হিসেবে রয়েছেন আদ্রিয়ান বিশ্বাস এবং বারাহদেব হয়েছেন তীর্থ দেব।
সব মিলিয়ে এই এই চ্যানেলের দুই ধারাবাহিকের গল্প জমে উঠতে চলেছে সেটা বলাই যায়।
