সংবাদ সংস্থা মুম্বই: বচ্চন পরিবারে সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। গত কয়েক মাস ধরে মায়ানগরী সরগরম এই খবরে। গত বছরের দীপাবলিতে প্রথমবার প্রথম বচ্চনের পরিবারের অন্দরে ভাঙনের আঁচ পাওয়া গিয়েছিল। তারপর থেকে যত সময় গড়িয়েছে এই জল্পনা হয়েছে আরও জোরদার।  

 

নানা সময়ে বচ্চন পরিবারের সদস্যদের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। তবে বচ্চন পরিবারের বধূ হওয়ার আগেই বড়পর্দায় অমিতাভের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ঐশ্বর্যা। এই তালিকায় রয়েছে 'কিঁউ হো গয়া না' ছবিটি। ওই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল ঐশ্বর্যা এবং বিবেক ওবেরয়কে। অমিতাভ ছিলেন একটি ছোট্ট চরিত্রে। তবে এক সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছিলেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্তটি নিয়ে ভুল করেছিলেন তিনি। প্রকাশ্যে নিজের আফসোসের কথা জানিয়েছিলেন 'শাহেনশাহ'। অভিনেতার কথায়, "খুব খারাপ লেগেছে কাজ করে।"

অমিতাভের যুক্তি ছিল, ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি শুধু ছোটই নয়, বরং খানিক গুরুত্বহীন।‌ তবে 'কিঁউ হো গয়া না' তে তাঁর যে একটি লাভ হয়েছে সেকথাও গোপন করেননি অমিতাভ। এই বর্ষীয়ান তারকা জানিয়েছিলেন যেহেতু ছবিতে তাঁর চরিত্রটি একটি অনাথ আশ্রমের অধিকর্তার তাই শুটিংয়ে প্রচুর শিশুশিল্পীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তিনি পেয়েছিলেন। এই ব্যাপারটা তাঁকে খুব আনন্দ দিয়েছিল বলে জানিয়েছিলেন 'বিগ বি'। এই ছবি থেকে সেটাই ছিল তাঁর 'লাভ'।

 

প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেই সময় সম্পর্কে ছিলেন বিবেক ও ঐশ্বর্যা। ছবির শুটিং সারা হয়েছিল কুর্গে।