ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার তো অনেকেই দেখেন, কিন্তু এবার চেনা ছকের বাইরে গিয়ে রহস্য, ধুন্ধুমার অ্যাকশন, ডার্ক হিউমার আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনবদ্য ‘কুইজিন’ নিয়ে আসছে বাংলা জি ফাইভ। আজই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল আগামী ওয়েব সিরিজ ‘তারকাটা’ -র চোখ ধাঁধানো ট্রেলার। ট্রেলারটি রিলিজ হতেই ওটিটি প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। অপরাধ, প্রতিশোধের আগুন এবং মানুষের মনের জটিল মনস্তত্ত্বকে এক সুতোয় বেঁধেছে এই সিরিজ।

আগামী ১২ জুন থেকে বাংলা জি ফাইভ-এর পর্দায় স্ট্রিম হতে চলেছে এই সিরিজটি। আর এর হাত ধরেই টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জী  প্রযোজক হিসেবে ওঁর নতুন ইনিংস শুরু করলেন ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’ -এর ব্যানারে।

 

পরিচালক শমীক রায় চৌধুরীর পরিচালনায় ‘তারকাটা’ সিরিজের মূল গল্প আবর্তিত হয়েছে ‘অগ্নি’ নামের এক প্রাক্তন নামী পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যাঁর জীবন এক অতর্কিত মোড়ে এসে থমকে গেছে। অগ্নির চরিত্রে অভিনয় করেছেন খোদ বিক্রম ।

সিরিজের ট্রেলারে একঝাঁক প্রতিভাবান তারকার দেখা পাওয়া গিয়েছে - প্রিয়াঙ্কা সরকার (ছন্দা-র চরিত্রে), মেয়াং চ্যাং (ডোডো-র চরিত্রে), জয়দীপ মুখার্জী (অশোক চৌধুরী-র চরিত্রে), সত্যম ভট্টাচার্য (বুম্বা বাগচী-র চরিত্রে), আয়ুষ দাস (টিনটিন-এর চরিত্রে)।বিশেষভাবে উল্লেখ্য, এই সিরিজের হাত ধরেই জনপ্রিয় বলিউড গায়ক ও অভিনেতা মেয়াং চ্যাং ওঁর প্রথম বাংলা প্রজেক্টে পা রাখলেন, যা এই সিরিজের অন্যতম মস্ত বড় ইউএসপি।

 

 

প্রযোজক ও অভিনেতা হিসেবে নিজের ডেবিউ প্রজেক্ট নিয়ে অত্যন্ত আশাবাদী বিক্রম। তাঁর কথায়, “‘তারকাটা’ আমার প্রযোজনা সংস্থা ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’-এর প্রথম নিবেদন। একদম শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটা টিম হিসেবে কাজ করা এবং বাংলা ওটিটি-র দর্শকদের এমন এক লার্জ-স্কেল বা মাত্রার কনটেন্ট উপহার দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি। এই  সফরটা যেমন কঠিন ছিল, তেমনই তৃপ্তিদায়ক। আশা করি, এই সিরিজের তীব্রতা, রোমাঞ্চ ও আবেগ দর্শককে ছুঁতে পারবে।”

পরিচালক শমীক রায় চৌধুরী তাঁর এই সিরিজের ভিন্ন স্বাদ প্রসঙ্গে জানান, “তারকাটা কেবল একটা গতানুগতিক থ্রিলার প্লেটার নয়। এর মূলে রয়েছে মানুষের স্মৃতির ক্ষত, যা একটা মানুষকে প্রতিশোধের রাস্তায় হাঁটতে বাধ্য করে। ট্রেলারে শুধু একটা ঝলক দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি চরিত্র কিছু না কিছু লুকাচ্ছে।”

বাংলা জি ফাইভ সংস্থার অন্যতম অধিকর্তা রুশা ব্যানার্জি জানান, বাংলা জি ফাইভ সবসময়ই ভিন্নধর্মী গল্প তুলে ধরতে চায় এবং ‘তারকাটা’ সেই ভাবনারই এক পোক্ত ফসল। আগামী ১২ জুন থেকে শুরু হতে চলা এই রোমাঞ্চকর এবং মনস্তাত্ত্বিক সফর বাংলার পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের দর্শকদেরও সমানভাবে টানবে বলেই তাঁর বিশ্বাস।