ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফিরল পুরনো দিনের জাদু। শোয়ের বিশেষ ডায়মন্ড জুবিলি পর্বে ২২ বছর পর আবার একসঙ্গে হাজির হলেন প্রথম সিজনের দুই জনপ্রিয় প্রতিযোগী অভিজিৎ সাওয়ান্ত এবং অমিত সানা। তাঁদের পুনর্মিলন দেখে আবেগে ভাসলেন বিচারক, প্রতিযোগী থেকে শুরু করে দর্শকেরাও।
২০০৪-০৫ সালে সম্প্রচারিত ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজন ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। সেই সিজনের বিজয়ী ছিলেন অভিজিৎ সাওয়ান্ত, আর রানার্স-আপ হন অমিত সানা। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা যেমন দর্শকদের মনে দাগ কেটেছিল, তেমনই দুই শিল্পীর গায়কী আজও মানুষের মনে থেকে গেছে। দুই দশকেরও বেশি সময় পর একই মঞ্চে তাঁদের উপস্থিতি যেন স্মৃতির দরজা খুলে দিল।
অভিজিৎ বলেন, ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজনে বিজয়ী হওয়ার পর তাঁর জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। রাতারাতি সাধারণ এক যুবক থেকে তিনি দেশের পরিচিত মুখ হয়ে ওঠেন। দর্শকদের ভালবাসাই তাঁকে আজকের পরিচিতি দিয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে অমিত সানা বলেন, এত বছর পর আবার ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফিরে এসে তাঁর পুরনো দিনের অসংখ্য স্মৃতি মনে পড়ে যাচ্ছে৷ প্রতিটি পারফরম্যান্সের আগে উত্তেজনা, নার্ভাসনেস এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা—সবকিছু যেন আবার নতুন করে অনুভব করেছেন তিনি। তাঁর কথায়, তখন কেউই ভাবতে পারেননি এই সফর তাঁদের জীবনের সেরা এক অধ্যায় হয়ে থাকবে।
ডায়মন্ড জুবিলি স্পেশাল পর্বে শুধু অভিজিৎ ও অমিতই নন, বিভিন্ন সিজনের একাধিক জনপ্রিয় প্রতিযোগীও অংশ নেন। প্রাজক্তা শুক্রে, শ্রীরামচন্দ্র, অসিস কৌর, পবনদীপ রাজন, মোহাম্মদ দানিশ, বৈভব গুপ্ত, মানসী ঘোষ-সহ আরও অনেক শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক পুর্নমিলন মঞ্চ৷
২২ বছর পর অভিজিৎ সাওয়ান্ত ও অমিত সানাকে আবার একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়াতেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বহু দর্শকের মতে, ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজনের সেই আবেগ, প্রতিযোগিতা এবং সুরের লড়াই আজও সমানভাবে হৃদয়ে গেঁথে রয়েছে। আর সেই স্মৃতিকেই নতুন করে জীবন্ত করে তুলল এই বিশেষ পুনর্মিলন।















