আজ, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন বলি অভিনেতা আমির খান। আমিরের তৃতীয় বিয়ে নিয়ে নেটপাড়ার কৌতূহল তুঙ্গে। তবে সমালোচনার থেকে আলোচনা বেশি চলছে। ব্যক্তিগত আক্রমণ চোখে পড়ছে না তেমন। কিন্তু টলিউডে এর ছবিটা একটু অন্যরকম।
এই ইন্ডাস্ট্রিতেও প্রসেনজিৎ চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জির মতো তারকাদের তৃতীয় বিয়ে হয়েছে। কিন্তু সেই নিয়ে কাটাছেঁড়া, কটাক্ষ চলেছে প্রচুর। বিশেষ করে কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের বিয়ে নিয়ে চর্চা যেন আজও থামেনি। কিন্তু কেন এমন পার্থক্য? কী মত কাঞ্চন-শ্রীময়ীর? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল।
শ্রীময়ীর কথায়, "আমার মতে, বলিউডের তারকারা ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পারেন। তাঁরা বেশিরভাগ সময়ই গোপনীয়তা বজায় রাখেন। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কে কখন কী করছে? একে অন্যের নামে যা-তা কথা বলা, এসব চলতেই থাকে। আর সমাজমাধ্যমে যাঁরা নোংরা চর্চা করেন, তাঁরা নেটিজেন নন, তাঁরা এক কথায় অসভ্য।"
শ্রীময়ী আরও বলেন, "এখন বেকারত্বের সংখ্যা অনেক বেশি। কাজ নেই তাই বসে বসে সমালোচনা করেন। আমি তো কোন ছাড়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকেই ছাড়ছে না! কে কী করল, কে ক'টা বিয়ে করল? কার ক'টা বাচ্চা হল? এসব নিয়ে চর্চা চলতেই থাকে। বলিউড এসব করতে সাহসই দেয় না। আমি তো দেখেছিলাম রানি মুখার্জি একটা সময় পর্যন্ত মেয়ের মুখ দেখাননি। এখন এই রুলটা অনেক সেলেব্রিটিই ফলো করছে। ওরা এটাকে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বলে, আমরা সেটা নিয়েই হাজারটা আলোচনা সভা বসাই।"
শ্রীময়ীর কথায়, "আমি তো ধারাবাহিক করি। আপনি ভাবতে পারবেন না, মেকআপ রুমে কী কী আলোচনা হয়। এক একজন সিনিয়র আর্টিস্ট যেভাবে অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত পছন্দ নিয়ে কাটাছেঁড়া করেন, যেন মনে হয় সেখানেই আদালত বসে গিয়েছে। সাধারণ মানুষরাও তো অনেকগুলো প্রেম করে, বিয়ে করে। তাঁদের নিয়ে কথা বলার কেউ নেই। কিন্তু আমরা নিজেদের মতো করে ভাল থাকার উপায় খুঁজতে গেলেই যত দোষ। আজ আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের নিয়ে সমালোচনা হয়েছিল, এটাই ফারাক।"
















