টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী
বিমানবন্দরে আমির-গৌরী একসঙ্গে
বলিউডে এখন আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। জুলাই মাসে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর এবার মুম্বই বিমানবন্দরে হাত ধরাধরি করে দেখা গেল এই যুগলকে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে প্রবেশের সময় আমির ও গৌরীকে একসঙ্গে দেখা যায়। দু’জনেই ছিলেন বেশ স্বচ্ছন্দ মেজাজে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের হাসিমুখে কথোপকথন এবং একে অপরের হাত ধরে হাঁটার মুহূর্ত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন আমির ও গৌরী। জানা গিয়েছে, দীর্ঘ ২৫ বছরের পরিচয়ের পর তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
‘লগান’-এর ২৫ বছর পূর্তিতে বিশেষ আয়োজন আমিরের
ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় ছবি ‘লগান’ মুক্তির ২৫ বছর পূর্ণ করতে চলেছে। এই উপলক্ষে আগামী ১৩ জুন মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন বলিউড তারকা আমির খান। অনুষ্ঠানে ‘লগান’-এর অভিনেতা, কলাকুশলী ও ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন সদস্যদের পাশাপাশি আমির খান প্রোডাকশনের দীর্ঘ ২৫ বছরের যাত্রার সঙ্গীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল অশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লগান’। আমির খানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি হিসেবে এটি ইতিহাস গড়ে। জানা গিয়েছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘লগান’ ১২, ১৩ এবং ১৪ জুন আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ফলে নস্টালজিয়ায় ভাসতে চলেছেন দর্শকরাও।
মেয়ের মুখ দেখালেন ইশিতা-বৎসল
বলিউডের জনপ্রিয় দম্পতি ইশিতা দত্ত ও বৎসল শেঠ তাঁদের কন্যা ভেদার প্রথম জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক দিলেন। এতদিন মেয়ের মুখ আড়াল করে রাখলেও এবার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভেদার মুখ প্রকাশ্যে আনলেন তাঁরা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, গোলাপি পোশাকে সেজে রয়েছে ছোট্ট ভেদা। পরিবারের সঙ্গে জন্মদিনের নানা মুহূর্তও ধরা পড়েছে ছবিতে। পোস্টের ক্যাপশনে ইশিতা ও বৎসল তাঁদের মেয়ের জন্য ভালোবাসা ও আশীর্বাদের বার্তা লিখেছেন। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন৷ অনেকেই ভেদার মিষ্টি হাসির প্রশংসা করেছেন। প্রথম জন্মদিনের এই বিশেষ মুহূর্ত তাই পরিবার ও অনুরাগী, দুই পক্ষের কাছেই হয়ে উঠেছে স্মরণীয়।















