ইন্দ্রজিৎ সাহু: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ। এসআইআর তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করে তিনি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খড়গপুর সফরের ঠিক আগেই এই মন্তব্য ঘিরে উত্তাপ ছড়িয়েছে জেলা জুড়ে।
বৃহস্পতিবার রাতে খড়গপুর শহরের তালিবাগিচা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘যারা যাওয়ার জন্য তৈরি, তাদের অন্তিম বিদায় ঘণ্টা বাজছে। পিসি–ভাইপোর ভোল পাল্টে যাচ্ছে। দিন দিন পরিস্থিতি কঠিন হচ্ছে। নির্বাচন কমিশন সব জল নিংড়ে দিয়েছে। ইতিমধ্যেই ৯০ লক্ষ নাম বাদ গিয়েছে। আরও ১০–১২–১৫ লক্ষ যাবে। এই ভুয়ো ভোটারদের জন্যই বারবার ক্ষমতায় এসেছে তৃণমূল। এর আগে সিপিএম। এই দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় দেওয়ার জন্য সারা দেশে পরিবর্তনের ঢেউ উঠেছে। এবার সেই ঢেউ বাংলাতেও লাগবে।’
দিলীপ ঘোষের এই মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, ‘এই মন্তব্য থেকেই বিজেপির প্রকৃত চরিত্র স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছিলেন, কোনও হিন্দুর নাম বাদ যাবে না। অথচ বাস্তবে দেখা যাচ্ছে বাদ পড়া ৯০ লক্ষ ভোটারের মধ্যে ৫৭ লক্ষই হিন্দু। তাহলে কি সেই হিন্দু ভোটারদেরই দেশদ্রোহী বলা হচ্ছে?’
তিনি আরও অভিযোগ করেন, ‘দিলীপ ঘোষ এই মন্তব্যের মাধ্যমে শুধু সাধারণ মানুষকেই অপমান করেননি, বরং দেশের বিচারব্যবস্থাকেও অসম্মান করেছেন। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
এদিকে, শুক্রবার বিকেলে খড়গপুর শহরে দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার কয়েক ঘণ্টা আগেই এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন মন্তব্য ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।















