আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করলেন ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। বিজেপি সূত্রে খবর, লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন এই টেনিস খেলোয়াড়। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্যও বৈঠকে উপস্থিত ছিলেন। যদিও এ নিয়ে কোনও রকম ভাবে মুখ খোলেনি রাজ্য বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নিউ টাউনের যে হোটেলে নিতিন রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ওই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছে। 

২০২১ সালের অক্টোবরে এই টেনিস কিংবদন্তি গোয়ায় তৃণমূলে যোগ দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে স্বাগত জানিয়ে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন। সেই সময় লিয়েন্ডার বলেন, “আমি গোয়ায় থাকি। আমার জন্ম বাংলায়, আমি দেশের আনাচে-কানাচে ঘুরেছি। দিনশেষে আমি একজন দেশপ্রেমী ভারতীয়। আমার কাছে মূল লক্ষ্য হলো ভারতকে গর্বিত করা, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং নিজের শিকড়ের প্রতি দায়বদ্ধতা পূরণ করা। দিদির স্বপ্ন হল ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রকে একটি সফল রাষ্ট্রে পরিণত করা। আমিও এই যাত্রায় শামিল হয়ে প্রত্যেক ভারতীয়ের জন্য আমার সাধ্যমতো অবদান রাখতে চাই।”

তবে, ২০২২ সালের  গোয়া বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ঘোষিত তৃণমূলের ৬৯ সদস্যের গোয়া রাজ্য কমিটিতে পেজকে রাখা হয়নি। 

বিধানসভা নির্বাচনের থেকে মাত্র এক মাস দূরে নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের বৈঠক দলটির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বিজেপি এখনও সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপির নির্বাচনী কৌশল জোরদার করার লক্ষ্যে দু'দিনের সফরে কলকাতায় রয়েছেন নবীন। প্রচার পরিকল্পনা সাজানো, ডিজিটাল প্রচার বাড়ানো এবং বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করার জন্য বিজেপি সভাপতি মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে করেন।

অন্যদিকে, বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সল্টলেকের বিজেপি দপ্তরে এসে প্রার্থী বাতিল করতে হবে বলে অনেকে বিক্ষোভ দেখান। মঙ্গলবারও সল্টলেকের অফিসে বলাগড়ের বিজেপি প্রার্থী পরিবর্তন করতে হবে বলে বিক্ষোভ দেখান বলাগড়ের বিজেপি কর্মী সমর্থকরা।। মঙ্গলবার সকাল থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হাওড়া, হুগলি, মেদিনীপুর ও কলকাতার সংগঠনিক জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। বিজেপি সূত্রে খবর, বৈঠকে নির্দেশ দেন আগামী বিধানসভা নির্বাচন নিয়ে। দলের সঙ্গে প্রার্থীরা যাতে যোগাযোগ রেখে চলে সেই নির্দেশও দিয়েছেন। ইস্তেহার প্রকাশের পর ইস্তেহারে যা থাকবে সেগুলি তুলে ধরতে হবে। এর বাইরে কোনও রকম প্রতিশ্রুতি দেওয়া যাবে না। পাশাপাশি তিনি নির্দেশ দেন কারও নাম বাদ দিয়ে থাকলে তার নাম তোলানোর দায়িত্ব। কেউ যাতে ক্ষুব্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি স্থানীয় ইস্যুগুলি নিয়েও জোর দিতে হবে। বুধবার  ফের সটলেকের বিজেপির রাজ্য দপ্তরের বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।