আজকাল ওয়েবডেস্ক: ভোটের ময়দানে খড়গপুরে ফের বিস্ফোরক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর টাউনের আইসি-র বিরুদ্ধে গুলি নিয়ে হুমকির অভিযোগ। মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ।
বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ-এর বিস্ফোরক অভিযোগ ঘিরে। সকাল থেকে টানা জনসংযোগ, দুয়ারে দুয়ারে প্রচার সেরে জনসভায় উঠে কার্যত বির্তকিত মন্তব্যের ঝড় তুললেন তিনি।
খড়গপুর টাউনের থানার আইসি-র বিরুদ্ধে সরাসরি গুরুতর অভিযোগ তুলে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকী, ভোটের ফলপ্রকাশের পর গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
ভোটের মুখে এমন মন্তব্যে বাড়ছে উত্তেজনা, উঠছে ভোট-পরবর্তী হিংসার আশঙ্কাও। তবে এখানেই থেমে থাকেননি দিলীপ। মঞ্চ থেকেই কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "ভয় দেখিয়ে দমানো যাবে না বিজেপিকে। তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।" এই ভাষাতেই আক্রমণ শানান তিনি।
স্পষ্ট বার্তা দেন, দাদাগিরির জবাব রাস্তায় নেমেই দেওয়া হবে। এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র নিশানা করেন বিজেপি প্রার্থী। অভিযোগ তোলেন, ‘গুন্ডা-মাফিয়া’র ভরসায় জিতেছে শাসকদল এবং এখনও সেই শক্তিকেই কাজে লাগানো হচ্ছে। খড়গপুরে অতীতে ‘হিসাব মেলানোর’ অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতেও আরও কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দেন তিনি।
দীর্ঘদিন পর দিলীপ ঘোষের এই আগ্রাসী, ঝাঁঝালো ভাষণ ঘিরে নতুন করে উত্তপ্ত খড়গপুরের রাজনীতি। ভোটের আগে তাঁর এই ‘পুরনো মেজাজে’ প্রত্যাবর্তন যে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করবে, তা বলাই বাহুল্য।
