আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের একাধিক জায়গায় প্রার্থী নাম বিভ্রাট! বহু বিধানসভা কেন্দ্রে, একাধিক প্রার্থীর নাম একই। নন্দীগ্রাম থেকে রাজগঞ্জ, ছবিটা একই।
২৬-এর বিধানসভা ভোটে রাজগঞ্জে একদিকে জোড়া ফুল এবং একদিকে ফুলকপি, দুই প্রতীক নিয়ে ময়দানে আমনে সামনে দুই স্বপ্না। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভায় এবারের ভোটে যেন অলিখিত নামের লোরাই, অন্তত তেমনটাই বলছেন সেখানকার ভোটাররা।
মূলত দুই স্বপ্না বর্মনকে ঘিরে বিভ্রান্তি। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন সোনা জয়ী অ্যাথলেটিক স্বপ্না বর্মন। তৃণমূল কংগ্রেস এই আসনটিতে বিপুল ভোটে জয়ের ধারাকে অক্ষুন্ন রাখবে রাজনৈতিক মহলে, এমন্টাই দাবি দলের। তবে এই আসনটিতে তৃণমূল কংগ্রেসকে ভোটার সংখ্যার নিরিখে চাপে ফেলতে না পারলেও সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই আসনের নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমাকারী আরেক স্বপ্না বর্মন।
সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে গ্রাম্য এলাকা ও বয়স্ক ভোটারদের ক্ষেত্রে দুই স্বপ্না বর্মনকে নিয়ে ভোটের দিন ইভিএম মেশিনে একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, মনে করছেন অনেকেই। তৃণমূলের স্বপ্না বর্মন নাকি নির্দলের স্বপ্ন বর্মন যুব ভোটারদের কাছে এটা কোনও দুশ্চিন্তা না হলেও বয়স্ক ভোটারদের ভোট হারানোর আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস। যদিও ইভিএম মেশিন এ দলীয় প্রতীক ও বিস্তারিত তথ্য থাকে। নামের ক্ষেত্রে বাস্তবের বিভ্রান্তি যেন কোনও অংশে কাটতেই চাইছে না এই আসনটিতে এই দুই প্রার্থীর নামকে কেন্দ্র করে।
সোনাজয়ী স্বপ্না বর্মন জনপ্রিয়, কিন্তু নির্দল প্রার্থী এই স্বপ্না বর্মন কে? জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের প্রধান পাড়ার প্রসেনজিত বর্মনের স্ত্রী স্বপ্না বর্মন। নিজের পিতৃভিটে এমনকী শ্বশুরবাড়িতে দূর দূর থেকে কোনও রাজনৈতিক সংস্পর্শ নেই। কেবলমাত্র রাজনীতির ময়দানে প্রসেনজিৎ বর্মনের স্ত্রী স্বপ্না বর্মনের দাঁড়ানোর ইচ্ছেকে মান্যতা দিতেই এই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করা।
নির্দল প্রার্থী স্বপ্না বর্মন, স্থানীয় সারদামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজগঞ্জ কলেজ থেকে স্নাতক পাস করেন। তিনি জানাচ্ছেন, 'কলেজে যখন প্রথমবারের জন্য পা রেখেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান কানে আসতেই 'ভোট দিন' ভোট দিন বলে চিৎকার করার ইচ্ছা হত।' নিজের সেই ইচ্ছের কথাই জানিয়েছিলেন নাকি স্বামীকে। তারপরে, ২৬-এর ভোটে, সোজা বিধানসভার লড়াইয়ে। জয়ের ব্যাপারে স্পষ্টভাবে আশাবাদী না হলেও লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নয়। জোর কদমে চলছে স্বামীকে নিয়ে প্রচার। এদিকে স্বপ্না বর্মনের স্বামী প্রসেনজিৎ বর্মন বলেন, 'স্ত্রীর আবদার পূরণ করতেই রাজনীতির ময়দানে অনিচ্ছাকৃতভাবেই নেমে আসা।' যদিও গোটা বিষয় নিয়ে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।















