আজকাল ওয়েবডেস্ক: ভোটের একেবারে দোড়গোড়ায় এসে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের অন্যতম 'হটসিট' নন্দীগ্রাম। এক নম্বর ব্লকের জেলে মারা ৩৭ নম্বর বুথ এলাকায় ভোট প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মুখোমুখি সংঘর্ষের জেরে ঝরল রক্ত।
বিজেপির অভিযোগ, তৃণমূল অতর্কিতে হামলা চালিয়েছে। ঘটনায় গেরুয়া শিবিরের পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছেছে নন্দীগ্রাম থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী ও পুলিশ কর্মীদের।
এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন, “এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে কোনওভাবেই সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী এলেও পরিস্থিতি বদলাবে না।”
পাল্টা বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা সুজিত রায় বলেন, “খবর পেয়েছি বিজেপির লোকজন আমাদের এক কর্মীর নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নজরে রাখছি।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।















