আজকাল ওয়েবডেস্ক: ভোটের হাতে আর কয়েকটা দিন। ঠিক তার আগেই বড় খবর। শুক্রবার মনোনয়ন বাতিল হয়েছে, কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনব ভট্টাচার্যের। এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ, কৃষ্ণনগর উত্তরের সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র সাংবাদিক বৈঠক করে তা জানান।
জল্পনা ছিল বৃহস্পতিবার থেকেই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই, তৃণমূল কংগ্রেসের হয়েই মনোনয়ন জমা দিয়েছিলেন সোমনাথ দত্ত। সোমনাথ মনোনয়ন জমা দেওয়ার পরেই জল্পনা ছড়ায় অভিনবর মনোনয়ন বাতিল নিয়ে। তবে সেদিন নিশ্চিত তথ্য সামনে আসেনি। তার পরেই জানা যায়, তাঁর মনোনয়নে বেশকিছু সমস্যা ছিল। জল্পনার মাঝেই আসল তথ্য খোলসা করে দল। এদিন মহুয়া মৈত্র অভিনব এবং সোমনাথকে পাশে বসিয়ে বলেন, অভিনবর স্ক্রুটিনিতে গলযোগ থাকার কারণে, তাঁর মনোনয়ন বাতিল হয়। তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর উত্তর থেকে ভোট লড়বেন সোমনাথ দত্ত।
মহুয়া এদিন বলেন, 'অভিনব রেসের প্রথম রানার ছিলেন। আজ তাঁর হাতের ঝান্ডাটা সোমনাথের হাতে পাস করা হল।'
এর আগে মনোনয়ন বাতিল হয়েছে, এক সময়ের তৃণমূল নেত্রী, বর্তমানে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া রাজন্যা হালদারের। তিনি দুটি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মধ্যে একটি কেন্দ্র থেকে বাতিল হয়েছে তাঁর মনোনয়ন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজন্যার সাফ কথা, এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে৷ অভিযোগে তিনি জানিয়েছেন, ওই একই দিনে জামুড়িয়ার এক প্রার্থী বিকেল ৫ টা নাগাদ গিয়েও মনোনয়ন জমা দিতে পেরেছেন৷ ঘটনার জেরে রাজন্যা নির্বাচন কমিশন ও পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগও জানিয়েছেন। এখানেই থামছেন না তিনি। এমনকী প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন। তারপরেই সামনে এল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়।
এই প্রসঙ্গে উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী শহর কমিটিতে অভিনব ভট্টাচার্যকে চেয়ারম্যান পদে নিযুক্ত করল দল।
&t=1s















