আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য ডিউটি করতে এসে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। সূত্রের খবর তেমনটাই। তথ্য, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত বাজার সৌ হাইস্কুলে। 
গুরুতর আহত অবস্থায় ওই জওয়ান বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই জওয়ানের নাম আর কৃষ্ণমূর্তি ( ৩৬)।  মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, সিআরপিএফ বাহিনীতে কর্মরত আর কৃষ্ণমূর্তি  ভোটের ডিউটি করার জন্য ভিন রাজ্য থেকে মুর্শিদাবাদে এসেছিলেন। নিজের ব্যাটেলিয়নের অন্য জওয়ানদের সঙ্গে কৃষ্ণমূর্তি শক্তিপুর থানার অন্তর্গত বাজার সৌ স্কুলে থাকতেন। 

সোমবার সকালে ডিউটিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাহিনীর পোশাক পরা অবস্থায় হঠাৎই ইনসাস রাইফেল থেকে  নিজের মাথা লক্ষ্য করে গুলি চালান ওই জওয়ান।  তবে বন্দুকটি কেঁপে যাওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বুলেটটি কাঁধের ভিতরে একদিক দিয়ে ঢুকে অন্যদিকে দিয়ে বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। 

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জায়গার গুলি চালানোর শব্দে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। সূত্রের খবর, সিআরপিএফ-এর জাওয়ানরাই আহত কৃষ্ণমূর্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য বেলডাঙা  হাসপাতাল নিয়ে যান।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই জাওয়ানের শরীরে এখন আর কোনও  বুলেট বিঁধে নেই ,সেটি বেরিয়ে গিয়েছে। ওই জওয়ানের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। 

পুলিশের এক আধিকারিক জানান ,প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি পারিবারিক কোনও সমস্যার কারণে ওই জওয়ান মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন।