আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস ১৫ বছরের সরকারের, উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে। সভা থেকে তৃণমূল নেতৃত্ব বারে বারে বলছে, কাজের খতিয়ানের রিপওর্ট কার্ড তারা তুলে ধরছে মানুষের সামনে। পালটা গেরুয়া শিবিরের থেকে রিপোর্ট কার্ড দাবিও করেছে। এই পরিস্থিতিতে ভোটের আগে, গেরুয়া শিবিরের পরিকল্পনা কিছুটা ভিন্ন। নিজেদের রিপোর্ট কার্ড নয়, বরং ভোটমুখী বাংলায় মমতা জমানার একগুচ্ছ সমস্যা, অবনতি, অবক্ষয়ের কথা তুলে ধরছে গেরুয়া শিবির। সূত্রের খবর, বিশেষজ্ঞ দল তৈরি করেছে ওই চার্জশিট। শনিবার চার্জশিট পেশ করবেন খোদ অমিত শাহ। 


শুক্রবার রাতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল অমিত শাহ গোটা রাজ্যের ভিত্তিতে বিজেপি'র ৪০ পাতার চার্জশিট পেশ করবেন। ২০১১ সালে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বাংলায় রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র দুর্নীতি, বঙ্গ বিজেপি নেতারা বারবার এই অভিযোগ তুলেছেন গত কয়েক বছরে। এছাড়াও অভিযোগ একগুচ্ছ। এবার সেই সমস্ত অভিযোগ চার্জশিট আকারে প্রকাশ করবে বিজেপি।  বিজেপি সূত্রে খবর, চার্জশিটে সরাসরি নাম থাকবে মমতা-অভিষেকেরও। প্রথম পাতায় অশান্ত পশ্চিমবঙ্গের ছবির পাশাপাশি মমতা ব্যানার্জির ছবি থাকছে বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

 চার্জশিটে কোন ১৪টি পয়েন্ট রয়েছে? একনজরে-

দুর্নীতি এবং কেলেঙ্কারি
প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন
আইনশৃঙ্খলার ধ্বংসস্তূপ
 নারীর নিরাপত্তাহীনতা
গণতন্ত্রের উপরে হামলা
শিল্পের ধ্বংসস্তূপ পশ্চিমবঙ্গ
শিক্ষার সর্বনাশ
স্বাস্থ্যের সঙ্কট
কৃষকের দুর্দশা
বঙ্গ সংস্কৃতির ধ্বংস 
উত্তরবঙ্গের বঞ্চনা
চা বাগান শ্রমিকদের বঞ্চনা
কলকাতার বেহাল অবস্থা
 রাঢ়বঙ্গজুড়ে সিন্ডিকেট রাজ

এই চার্জশিট প্রকাশের কয়েকদিন পরই বিজেপির নির্বাচনী ইস্তাহার অর্থাৎ সংকল্প পত্র প্রকাশ করা হবে, সূত্রের খবর তেমনটাই।