আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকছেন অনেক বিনিয়োগকারী। মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে চলতি সংঘাত, পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজারের ওঠানামা এড়িয়ে নিশ্চিত রিটার্ন পেতে অনেকেই ফিক্সড ডিপোজিটকে গুরুত্ব দিচ্ছেন।
বিশেষ করে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে বর্তমানে আকর্ষণীয় সুদের হার পাওয়া যাচ্ছে। বিভিন্ন মেয়াদে একাধিক ব্যাঙ্ক ৮ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে, যা নিরাপদ বিনিয়োগ খুঁজছেন এমন গ্রাহকদের কাছে বড় আকর্ষণ।
১ থেকে ২ বছরের FD-তে কারা দিচ্ছে বেশি সুদ?
এক থেকে দুই বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক সর্বোচ্চ ৮.১০ শতাংশ সুদ দিচ্ছে। এর পরেই রয়েছে ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক, যেখানে সুদের হার ৭.৭৫ শতাংশ। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৬০ শতাংশ সুদ।
এছাড়া উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে এই মেয়াদে সুদের হার ৭.৪০ শতাংশ, জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৩০ শতাংশ, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কে মিলছে ৭.১০ শতাংশ, আর ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৬.৯০ শতাংশ সুদ।
২ থেকে ৩ বছরের FD-তে কে এগিয়ে?
দুই থেকে তিন বছরের ফিক্সড ডিপোজিটে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক শীর্ষে রয়েছে। এই ব্যাঙ্কে মিলছে ৮.১০ শতাংশ সুদ। ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৭৫ শতাংশ, আর জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ও উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক সুদের হার ৭.৫০ শতাংশ।
৩ থেকে ৫ বছরের FD-তে সুদের হার কত?
তিন থেকে পাঁচ বছরের মেয়াদে সূর্যোদল স্মল ফিনান্স ব্যাঙ্ক আবারও শীর্ষে, যেখানে সুদের হার ৭.৯০ শতাংশ। জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৭৭ শতাংশ, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে মিলছে ৭.৫৫ শতাংশ।
অন্যদিকে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫ শতাংশ, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হার ৭ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে বাজারের অস্থিরতার মধ্যে ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের নির্দিষ্ট ও নিশ্চিত রিটার্নের সুবিধা দেয়। শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মতো বাজারের ওঠানামার ওপর এর আয় নির্ভর করে না। নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা রেখে দিলে কত সুদ পাওয়া যাবে, তা আগেই জানা থাকে। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, মূলধন সুরক্ষায় আগ্রহী বিনিয়োগকারী এবং কম ঝুঁকি নিতে চান এমন মানুষের কাছে ফিক্সড ডিপোজিট এখনও একটি নির্ভরযোগ্য বিকল্প।
তবে শুধুমাত্র বেশি সুদের হার দেখেই ফিক্সড ডিপোজিট বেছে নেওয়া উচিত নয় বলে সতর্ক করছেন আর্থিক বিশেষজ্ঞরা। বিনিয়োগের আগে ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা, আমানত বিমার সুবিধা, করের প্রভাব, অর্থ তোলার নিয়ম, তারল্যের প্রয়োজন এবং নিজের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য বিবেচনা করা জরুরি। প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আরও সঠিক বিনিয়োগ পরিকল্পনা করা সম্ভব হবে।
















