প্রকাশ মণ্ডল: শুক্রবার ভোর নাগাদ নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারের কাছে খুঁটির উপর এক যুবককে দেখতে পান অন্যান্য যাত্রী এবং রেল কর্মীরা। নিমেষের মধ্যেই রেল স্টেশনে হৈ হৈ পড়ে যায়। বিপজ্জনক অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে মুহূর্তে স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় রেল স্টেশনের সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বিভাগকে।‌

খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বিপদের আশঙ্কায় রেলস্টেশনের রেল চলাচল বন্ধ করে রেল দপ্তর। দীর্ঘ সময় পর দমকল এবং আরপিএফ কর্মীরা কোনওক্রমে যুবককে বুঝিয়ে নীচে নামান। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। 

জানা যায়, যুবকের নাম অর্জুন ইন্ডওয়ার। বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়। বর্তমানে তিনি মুম্বইয়ে দিন মজুরের কাজ করতেন। সম্প্রতি মুম্বইয়ে গ্যাসের সমস্যায় তাঁর খাওয়া দাওয়ার সমস্যা তৈরি হয়। এরপরেই যুবকের মা তাঁকে বাড়ি ফিরতে বলেন। শুক্রবার ভোর নাগাদ মুম্বই থেকে ট্রেনে করে ওই যুবক নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছয়। এরপরেই স্টেশনের হাই ভোল্টেজ বিদ্যুতের তারবাহী খুঁটিতে উঠে পড়েন। ঘটনায় প্রায় দেড় ঘণ্টা অসম-বাংলা রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ওই যুবক মানসিকভাবে অসুস্থ, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটিয়েছেন তার খোঁজ করছেন তদন্তকারীরা।