আজকাল ওয়েবডেস্ক: এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের ময়নাগুড়ি। পায়ুদ্বারের ভিতরে আলু আটকে যাওয়ায় গুরুতর শারীরিক সমস্যায় পড়লেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার এক প্রৌঢ়। 

তীব্র ব্যথায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। শেষ পর্য্ন্ত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অস্ত্রোপচার হয় ওই ব্যক্তির। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে ওই ব্যক্তির পায়ুদ্বার থেকে ক্রিকেট বলের আকারের সেই আলু বের করেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেই নিজের পায়ুদ্বারের ভিতরে আলু ঢুকিয়েছিলেন। কী কারণে তিনি এই কাজ করে তা জানা যায়নি। কিন্তু ওই আলু একবার ঢুকে যাওয়ার পর তিনি আর বের করতে পারেননি।

তীব্র যন্ত্রণা ও অস্বস্তির মধ্যে পড়েন ওই ব্যক্তি। অবস্থার গুরুত্ব বিবেচনা করে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে আলু বের করা সম্ভব হয়নি। শারীরিক অস্বস্তি ক্রমশ বাড়তে থাকায় পরে ওই ব্যক্তিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, আলুটির আকার বড় হওয়ায় কোনওভাবেই সেটি বের করা সম্ভব হচ্ছে না। ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শল্য চিকিৎসক সৌমেন মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচার করে আলুটি বের করেন চিকিৎসকরা।

বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি নিজের পায়ুদ্বারে আলু ঢুকিয়েছিলেন তা জানতে পারেননি চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল।

এর পিছনে মানসিক সমস্যাও থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তাই ভবিষ্যতে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক পরামর্শেরও প্রয়োজন হতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের।