আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমারের কটাক্ষ করছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। এমনকী অভিষেকের 'ডিজে বাজানো' মন্তব্য়ের 'আসল অর্থ'ও বুঝিয়েছিলেন তিনি। বলছিলেন, "অভিষেক ব্যানার্জি বলেছিলেন, ভোটের ফল বেরোলে বাংলায় ডিজে বাজবে। তখন ভেবেছিলাম ডিজে মানে ডিস্ক জকি। কিন্তু আজ বুঝলাম ডি মানে ডিম আর যে মানে জুতো। বাংলায় ডিজে বাজছে। পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এ হচ্ছে সাংসদ। পিসি না থাকলে এর পাড়ার একটা শনি পুজোর কমিটি জেতার ক্ষমতা নেই।" তবে, এবার আর অভিষেক নয়, সরাসরি মমতা ব্যানার্জিকেই কটাক্ষ করলেন শতরূপ। শেয়ার করলেন, আরজি কর পর্বে নবান্নে জুনিয়র ডাক্তারদের জন্য় অপেক্ষারত মমতা ব্যানার্জির ছবি।

কেন সেই ছবি শেয়ার করলেন শতরূপ? কী লিখলেন তিনি? ফেসবুকে সেই ছবি শেয়ার করে শতরূপ লেখেন, ''কিছুকাল আগের কথা। এই ছবিটা পোস্ট করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ব্যাঙ্গ করে লিখেছিলেন এটা নাকি সিপিআই(এম) বিধায়কদের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর বৈঠকের ছবি। এখন এমন অবস্থা, এই ছবিটাকেই মমতা ব্যানার্জীর ডাকা বৈঠকে তৃণমূল বিধায়ক বা সাংসদদের উপস্থিতির ছবি হিসেবেও ধরা যেতে পারে।'' (বানান অপরিবর্তীত)

কারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, আর কারা বৃত্ত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তা মোটামুটি স্পষ্ট। সোমবারের বিজেপি সাংসদ তথা মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক বসেছিল, সেখানেই স্পষ্ট হয়ে যায় বিধানসভার পর লোকসভাতেও ভাঙছে তৃণমূল। বিধানসভা ও লোকসভায় বিদ্রোহীরা মমতা ব্যানার্জির থেকে দূরত্ব বাড়িয়েছেন অনেকটাই। এমনকী বিধায়ক বা কাউন্সিলরদের বৈঠক ডেকেও, নেতাদের অনুপস্থিতির কারণে সেই বৈঠক বাতিল পর্যন্ত করতে হয়েছে তৃণমূল নেত্রীকে। আর সেই সূত্রেই এবার মমতা ব্যানার্জিকে তুমুল কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।

সোমবার ২০ জন সাংসদের সই নিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে একটি চিঠি জমা পড়ে। ২৮ জনের মধ্যে মমতা ব্যানার্জির শিবিরে এখনও পর্যন্ত থেকে গিয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে অন্যতম মহুয়া মৈত্র। তণমূল জমানায় বিভিন্ন ইস্যুতে লোকসভায় সরব হয়েছেন মহুয়া। বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এবার বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশেই বার্তা দিয়েছেন মহুয়া। তিনি লিখেছেন, “এই সাংসদরা তো তৃণমূলের টিকিটে জিতেছেন, এনডিএ-র টিকিটে নয়। প্রত্যেকে লোভী, প্রতারক। আপনারা দয়া করে বিজেপিতে যোগ দিন। পদত্যাগ করে বিজেপির টিকিটে জিতে দেখান। দেখান আপনারা কত বড় হিরো।” সরাসরি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে নিশানা করেও বার্তা দিয়েছেন মহুয়া। তিনি লিখেছেন, “ইউসুফ পাঠান আপনি কেন দিল্লি যাচ্ছেন? অমিত শাহ আপনাকে ডেকেছে বলে? আপনি তো ভারতের জন্য খেলেছেন, একটু সাহস দেখান। আপনি বিপুল ভোটের ফারাকে জিতেছেন। একটু শিরদাঁড়া সোজা রাখুন।”