আজকাল ওয়েবডেস্ক:  পাহাড়ের রাজনীতিতে ফের উত্তাপ বাড়িয়ে রোহিণী রোডের টোল প্লাজা বন্ধ করার ডাক দিল গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা (জিএনএলএফ)। দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার ৭মে থেকে ওই পথে যাতায়াতকারী কোনও যানবাহনকেই আর টোল ট্যাক্স দিতে হবে না।

 

জিএনএলএফ-এর দাবি, রোহিণী সড়কটি প্রয়াত নেতা সুভাষ ঘিসিং-এর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয়েছিল। সাধারণ মানুষের যাতায়াত সুবিধার লক্ষ্যেই এই বিকল্প পথটি নির্মাণ করা হয়। তাই এই রাস্তায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

 

বর্তমান জিটিএ  প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে জিএনএলএফ নেতৃত্ব অভিযোগ করেছে, রোহিণী সড়কে অবৈধভাবে কর সংগ্রহ করা হচ্ছে। শুধু তাই নয়, সংগৃহীত সেই অর্থ সঠিক পথে ব্যয় না করে তার অপব্যবহার করা হচ্ছে বলেও তারা দাবি করেছে। এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে সমস্ত চালক ও সাধারণ মানুষকে ওই টোল প্লাজায় আর টাকা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জিএনএলএফ কার্শিয়াং মহকুমা কমিটির সভাপতি নিমা লামা বলেন, "রোহিণী সড়ক সাধারণ মানুষের সম্পত্তি। জনস্বার্থ বিরোধী কোনও কাজ জিএনএলএফ বরদাস্ত করবে না। জিটিএ প্রশাসন সাধারণ মানুষের ওপর জোর করে করের বোঝা চাপাচ্ছে।"

 

কার্শিয়াং মহকুমা কমিটির সভাপতি নিমা লামা সহ যুব প্রতিনিধিদের মতে, পাহাড়ে জনস্বার্থ রক্ষায় তারা আপসহীন লড়াই চালিয়ে যাবেন। যদি প্রশাসন তাদের এই ঘোষণাকে অগ্রাহ্য করে কর সংগ্রহ জারি রাখে, তবে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছে জিএনএলএফ। এই ঘোষণার পর রোহিণী এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

&t=136s