আজকাল ওয়েবডেস্ক:নাটক দেখে ফেরার পথে যৌন হেনস্থার শিকার এক যুবতী।‌ তাঁকে জোর জবরদস্তি শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর এলাকায়। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। 

 

জানা গিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ওই যুবতী রবিবার একটি নাটক দেখতে গিয়েছিলেন। ফেরার সময় যখন তিনি একটি মাঠ দিয়ে হাঁটছিলেন কয়েকজন যুবক তাঁকে পিছু ধাওয়া করে তাঁকে ধরে এবং যৌন হেনস্থা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, বাঁচার জন্য ওই যুবতী চিৎকার করলে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। পালিয়ে যায় দুষ্কৃতীরা। 

 

 উত্তেজনা সহ্য করতে না পেরে মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান ওই তরুণী। উদ্ধার করে গ্রামবাসীরা তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন। ঘটনায় এখনও পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে এবং বাকি অভিযুক্তদের সন্ধান চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্তরা ওই যুবতীকে অনুসরণ করছিল বলে অনুমান। এরপর নির্জন মাঠে তাঁকে একা পেয়ে জবরদস্তির চেষ্টা করে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

 

ঘটনায় আসরে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, শাসকদলের প্রচ্ছন্ন মদতে পুলিশ ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলে, বিজেপি নাটক করছে।