আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শিল্পায়ন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "আধুনিক প্রজন্ম আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা চায়। তারা চায় আন্তর্জাতিক মানের শিক্ষা। চায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগ হোক। কিন্তু স্পেন থেকে কেউ যেন পশ্চিমবঙ্গে শিল্প-কারখানা না তৈরি করুক।" কলকাতায় বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স (বিএনসিসিআই)-এর ১৩৯তম বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শমীক ভট্টাচার্য নিজের বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন।
শমীকের সংযোজন, তিনি একজনকে চিনতেন যিনি 'স্টেপ আউট' করে ওভার বাউন্ডারি মারতেন। কিন্তু এখন তাঁকে দেখা যাচ্ছে তিনি বাউন্ডারির বাইরে থেকে পপিন ক্রিজ-এর দিকে বল ছুঁড়ে মারছেন। গোটা এই বক্তব্যে একবারের জন্যও শমীক কারুর নাম করেননি। কিন্তু এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেনে একটি শিল্প সফরে গিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তিনি সেখানে এরাজ্যের শালবনিতে একটি ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন।
শিল্পপতিদের আশ্বস্ত করে শমীক বলেন তাঁরা যেন নির্ভয়ে এরাজ্যে বিনিয়োগ করেন। শিল্প বা ব্যবসার কাজে যদি তাঁদের কেউ বাধা দেয় তবে এতটুকু দেরি না করে তাঁরা যেন স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সেইসঙ্গে এটাও জানিয়ে দেন রাজ্য সরকার তার জমি নীতিতে পরিবর্তন আনতে চলেছে।
শিল্পপতি এবং রাজ্যবাসীকে বার্তা দিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, দেশের বহু বিনিয়োগকারী এবার পশ্চিমবঙ্গে আসছেন। তাঁর কথায়, "বড় শিল্প আনতেই হবে। এছাড়া কোনও ভবিষ্যত নেই।" তিনি জানান, "এরাজ্যের ৬৩০০-র বেশি সংস্থা অন্য রাজ্যে তাদের সদর দপ্তর সরিয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি বিগত সরকারের আমলে টলিউডের পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। তাঁর কথায়, শিল্পের মর্যাদা শিল্পীরা দেবেন। অন্য কেউ নয়।
এদিনের অনুষ্ঠানে ছিলেন বিএনসিসিআই-এর সভাপতি অশোককুমার বণিক, সহ সভাপতি অমিত শাহ, ডিরেক্টর ও চেয়ারম্যান-ফরেন ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটি ঋত্বিক দাস প্রমুখ।















