আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। ভি নারায়ণ হতে চলেছেন নতুন চেয়ারম্যান। শুধু তা-ই নয় ইসরোর সচিবের পদও সামলাবেন তিনি। আগামী ১৪ জানুয়ারি বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের মেয়াদ শেষ হতে চলেছে। তারপরেই দায়িত্ব নেবেন নারায়ণ।
মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানিয়েছে, আগামী দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন নারায়ণ। ভালিয়ামালা লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের (এলপিএসসি) প্রধান ছিলেন তিনি। দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারায়ণ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিরুবনন্তপুরম থেকে সাক্ষাৎকারে ইসরোর নতুন প্রধান বলেন, ''আমাদের একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি আছে। আমি আশা করি ইসরোকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারব কারণ আমাদের প্রতিভা রয়েছে।''
তামিলনাড়ুতে জন্ম নারায়ণের। খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ পদক দেওয়া হয়েছিল তাঁকে। খড়্গপুর আইআইটি থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, এস সোমনাথ ২০২২ সালের জানুয়ারিতে ইসরোর প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর জমানায় ভারত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম রোভার অবতরণকারী হিসাবে দৃষ্টান্ত তৈরি করেছে। চাঁদে মাটিতে পা রাখার ফলে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চিনের এলিট ক্লাবের সদস্য হয়েথে ভারত।
















