আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘর্ষের আবহ কেটে গিয়ে পুনরায় আইপিএল শুরুর আগেই পাঞ্জাব কিংসের সঙ্গে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটিং অলরাউন্ডার মিচেল ওয়েন। এর আগে এক রিপোর্টে জানা গিয়েছিল, বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির পিএসএল ২০২৫-এর অভিযান শেষ হওয়ার পর ওয়েন পাঞ্জাব কিংসে যোগ দেবেন। কিন্তু সম্প্রতি পাকিস্তানের যা অবস্থা হয়েছিল তাতে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি।
সোজা যোগ দিয়েছেন আইপিএলে। তাঁর দলে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পাঞ্জাব কিংস। উল্লেখ্য, গ্লেন ম্যাক্সওয়েল আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ওয়েনকে। অজি তারকাকে ৩ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব। প্রসঙ্গত, এর আগে করভিন বশচ পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন, দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে।
এরপর বশচকে পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়। তিনি তাঁর পিএসএল ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্যে ক্ষমাও চান। তবে ওয়েনের ক্ষেত্রে সেই ঝুঁকি নেই, কারণ তখন তাঁর চুক্তির মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। পিএসএলে ওয়েন সাতটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৪.৫৭ গড়ে ১০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯২.৪৫। পাশাপাশি বোলিংয়ে তিনি দুটি উইকেট নিয়েছেন ১০ গড়ে, এবং তাঁর ইকোনমি রেট ৭.০৫।
