আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই যেন এক নতুন ইতিহাস লিখতে চলেছে। গ্রুপ পর্বের মাঝামাঝি অবস্থাতেই শুরু হয়ে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে চলছে তীব্র গোলযুদ্ধ। বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি ইতিমধ্যেই ৫ গোল করে ফেলেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি। যা এই লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। তবে মেসির পথ মোটেও মসৃণ নয়। রয়েছে কড়া টক্কর। 

ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং নরওয়ের আলিং হ্যালান্ড ৪টি করে গোল করে ফেলেছেন। তাড়া করছেন মেসিকে। এমবাপে গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। আর হ্যালান্ড তাঁর বিধ্বংসী ফর্ম দিয়ে প্রথম বিশ্বকাপেই দাপট দেখাচ্ছেন। এই দৌড়ে চমক কানাডার জোনাথন ডেভিড এবং জার্মানির ডেনিজ উনদাভ। যাদের গোলসংখ্যা ইতিমধ্যেই তিন। এছাড়া ভিনিশিয়াস জুনিয়র, হ্যারি কেন, কোডি গাকপো সহ আরও বেশ কয়েকজন তারকা ২ গোল করে প্রতিদ্বন্দ্বিতাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছেন। 

আন্তর্জাতিক স্তরে এই লড়াই শুধু বড় নামেই সীমাবদ্ধ নেই। নতুন প্রজন্মের ফুটবলাররাও নিজেদের প্রমাণ করতে মরিয়া। স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল বা মরক্কোর ইসমাইল সাইবারির মতো ফুটবলাররা যেকোনও সময় তালিকায় শীর্ষে উঠে আসতে পারেন। বিশেষজ্ঞদের মতে, নকআউট পর্বে ভাল পারফরম্যান্সই নির্ধারণ করবে শেষপর্যন্ত কে জিতবেন গোল্ডেন বুট। কারণ ইতিহাস বলছে, বড় ম্যাচে ধারাবাহিক গোল করাই এই পুরস্কার জেতার সবচেয়ে বড় চাবিকাঠি। ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের প্রতিযোগিতা এখন বিশ্বের ফুটবলপ্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণ। শেষ হাসি হাসবেন মেসি? না কি নতুন কেউ লিখবেন ইতিহাস?