আজকাল ওয়েবডেস্ক: শেষ দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর, এবার নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেছে জার্মানি। গ্রুপের একনম্বর দল হিসেবে রাউন্ড অফ ৩২ তে গেলেও, যাত্রাপথ মসৃণ ছিল না। প্রথম ম্যাচে ৭ গোলে জেতার পর, আইভরি কোস্টের বিরুদ্ধে কষ্টার্জিত জয়। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হার। এই হার নকআউট পর্বের আগে ওয়েক আপ কল হতে পারত। কিন্তু হল বিপরীত। হারে দলে বিভাজন তৈরি হয়েছে। জার্মানির অধিনায়ক জোশুয়া কিমিচ এবং স্ট্রাইকার ডেনিস উনডাভ দাবি করেন, ইকুয়েডারকে হারানোর খিদে ছিল না তাঁদের মধ্যে। লেরয় সানের গোলে এগিয়ে যাওয়ার ফায়দা তুলতে পারেনি। বরং, ইকুয়েডরকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়।
জার্মানির স্ট্রাইকার উনডাভ বলেন, 'আমরা যত না চেয়েছিলাম, তার থেকে বেশি ওরা জিততে চেয়েছিল। ইকুয়েডর অনেক বেশি আগ্রাসী ফুটবল খেলেছে। আমাদের ওদের থেকে শিখতে হবে। সর্বত্র সেরাটা দিতে হবে। ওরা সবসময় ১০০ শতাংশ দিয়েছে।' কিমিচের মুখেও একই সুর শোনা যায়। জার্মান অধিনায়ক বলেন, 'আমাদের থেকেও প্রতিপক্ষ বেশি জিততে চেয়েছিল। এই কারণেই ওরা জিতেছে।' জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান অবশ্য এমন মনে করছেন না। প্লেয়ারদের যুক্তির সম্পূর্ণ বিপক্ষে। মানলেন না তাঁর প্লেয়াররা মাঠে একশো শতাংশ দেয়নি। উনডাভ দাবি করেন, তাঁদের জয়ের খিদে ছিল না। এটাকে পুরোপুরি উড়িয়ে দেন জার্মান কোচ।
নাগেলসম্যান বলেন, 'দয়া করে এইসব বাজে কথা বন্ধ করুন। আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু গোল করার পর আমরা একের পর এক ট্যাকটিক্যাল ভুল করতে থাকি। ইকুয়েডর জানপ্রাণ লড়িয়ে দেয়। সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তবে বলতে পারব না আমার প্লেয়াররা সেরাটা দেয়নি। এটা হারের খুব সহজ ব্যাখ্যা হয়ে যাবে।' হারলেও গ্রুপের একনম্বর দল হিসেবেই নকআউটে জার্মানি। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে অপ্রত্যাশিত হার ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যেতে চায় জার্মানরা।















