আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার হেডিংলিতে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে শুরু হবে এক নতুন যুগ। দুই মহাতারকার অনুপস্থিতিতে কি এগিয়ে থেকে সিরিজ শুরু করবে ইংল্যান্ড? অনেকেই এই ধারণা পোষণ করেন। আগের দিনই ডেল স্টেইন জানান, তাঁর মতে, ৩-২ এ সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যাথিউ হেডেন আবার ভারতের পক্ষে। গ্রেম সোয়ানও তাই। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনারের ধারণা, কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো মালমশলা রয়েছে ভারতীয় ব্যাটিং এবং বোলিংয়ে। 

সোয়ান বলেন, 'সত্যি বলতে, অ্যাশেজের জন্য আদর্শ ওয়ার্ম আপ। ভারতের বিরুদ্ধে সিরিজ বিশাল। শেষ দু'তিনবার আমরা ভারতের মাটিতে ধরাশায়ী হয়েছি। তাই এবার আমদের ঘরের মাঠে ভারতকে হারাতে হবে। আমাদের ভাল খেলতে হবে। ওদের বিরাট কোহলি এবং রোহিত শর্মা নেই। ব্যাটিংয়ে দু'জন অভিজ্ঞ সুপারস্টারকে পাবে না। তবে ওদের বদলে যারা আছে, তাঁরাও ভাল। তবে আমাদের বোলাররাও ঘরের মাঠে খেলার ফায়দা তুলতে পারে। ইংল্যান্ডের সিরিজ জেতার চেষ্টা করা উচিত। দাপটের সঙ্গে জেতা উচিত। আশা করব আমরা এখানে ভাল খেলে অ্যাশেজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেব।' 

এবার আইপিএলে শুভমন গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন জস বাটলার। তিনি মনে করেন, পারফরমেন্স এবং অধিনায়কত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। বাটলার বলেন, 'ও ভাল প্লেয়ার। ঠান্ডা মাথার। মেপে কথা বলে। মাঠে একটু প্যাশন থাকতে হবে। আমার মনে হয়, ও রোহিত এবং বিরাটের মিশ্রণ। কোহলির আগ্রাসন ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। রোহিত উল্টো ছিল। ঠাণ্ডা, ধীর-স্থির। তবে লড়াকু মনোভাব ছিল। ও এই দু'জনের থেকেই শিখেছে। তবে ও নিজের মতোই থাকবে।' ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া যে অত্যন্ত চাপের, সেটা তুলে ধরেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তবে শুভমনকে নিয়ে আশাবাদী। গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান বাটলার।