আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় দলে লেগে গেল ‘‌গৃহযুদ্ধ’‌!‌ তাও আবার ‘‌রিল’‌ বানানো নিয়ে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। ভারত ম্যাচ জিতেছে ৩০ রানে। সেই ম্যাচের পরই ড্রেসিংরুমে রিল বানাতে শুরু করেন অর্শদীপ সিং। অনুমতি না নিয়েই তিনি তিলক বর্মার ভিডিও করছিলেন। কিন্তু এই ঘটনায় রেগে যান তিলক। স্পষ্ট বলে দেন, এইভাবে বিনা অনুমতিতে ভিডিও করা বন্ধ হোক। পুরো কথোপকথন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


এটা ঘটনা, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মজার রিল করতে দেখা যায় অর্শদীপকে। যখন যে দলের হয়ে খেলেন, সেই দলের সতীর্থদের নিয়েই রিল বানাতে থাকেন। ভারতীয় দলেও তার অন্যথা হয় না। ঈশান কিষান–তিলক বর্মাদেরও বহুবার দেখা গিয়েছে অর্শদীপের রিলে। কিন্তু টি–২০ বিশ্বকাপ শুরুর আগেই আচমকা তাল কাটল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খাবারের প্লেট হাতে ড্রেসিংরুমে বসে মোবাইল ঘাঁটছিলেন তিলক। সেটাই ভিডিও করছিলেন অর্শদীপ।


নজর পড়তেই তিলক কড়া কথা শুনিয়ে দেন অর্শদীপকে। স্পষ্ট বলেন, এইভাবে ভিডিও করাটা মোটেই উচিত নয়। কারও অনুমতি না নিয়ে ভিডিও করা একেবারে সমর্থনযোগ্য নয়। তবে বিষয়টি একেবারে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন অর্শদীপ। উল্টে তিলকের কড়া কথা নিয়েও মশকরা করতে শুরু করেন। ভিডিও ভাইরাল হতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেছেন, তিলকের এই প্রতিক্রিয়া আসলে মজা করেই। তিনি আসলে অর্শদীপকে কথা শোনাননি। আবার অনেকের মতে, ড্রেসিংরুমের গোপনীয়তা এইভাবে রিল করে ফাঁস করে দেওয়া কি ঠিক?


এটা ঘটনা, ৭ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হবে টি–২০ বিশ্বকাপ। বাকি আর দু’‌দিন। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। এখনও পর্যন্ত কোনও দল টি–২০ বিশ্বকাপ পরপর দু’বার জিততে পারেনি। ইতিহাস বদলানোর লক্ষ্যে এবার নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলের পরিবেশ অবশ্য যথেষ্ট হাসিখুশি। বুধবার দক্ষিণ আফ্রিকাকে দাপুটে পারফরম্যান্সে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা।