আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা তাঁর সাফল্যের পিছনে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন। 

২৫ বছর বয়সী এই ব্যাটার চলতি মরসুমে ৮ ম্যাচে ৩৮০ রান করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে জায়গা করে নিয়েছে। তিনটি পঞ্চাশ ও একটি শতরান রয়েছে। 

যুবরাজ সিংয়ের সঙ্গে প্র্যাকটিসের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিষেক বলেন, লকডাউনের সময়ে একসঙ্গে অনুশীলনের সুযোগ তাঁর মানসিকতা ও খেলায় বড় পরিবর্তন এনে দেয়। 

তিনি জানান, ''যুবি পাজি আমার শৈশবের আইডল। তাঁর সঙ্গে অনুশীলন করা আমার জন্য খুব বড় মুহূর্ত ছিল। লকডাউনের সময়ে তিনি কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেন, সেখানে আমিও সুযোগ পাই। তখন তিনি আমাকে বলেন, এই অনুশীলন শুধু আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের জন্য নয়, বরং ভারতের হয়ে বড় ম্যাচ জেতার মানসিকতা গড়ে তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে।''

নিজের ক্রিকেট যাত্রা নিয়েও কথা বলেন অভিষেক। তিনি জানান, পরিবারের ক্রিকেট পরিবেশই তাঁকে খেলাটির প্রতি আগ্রহী করে তোলে। তাঁর বাবা পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন এবং কোচ হিসেবেও যুক্ত ছিলেন।
অভিষেক আরও বলেন, ছোটবেলায় অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সই তাঁকে বুঝতে সাহায্য করে যে তিনি পেশাদার ক্রিকেট খেলতে পারবেন।
আইপিএলকে তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রতিযোগিতা তাঁকে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে ও তাদের বিরুদ্ধে খেলার সুযোগ করে দিচ্ছে, যা তাঁর উন্নতিতে বড় ভূমিকা রাখছে।
এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেডের প্রভাব নিয়েও কথা বলেন অভিষেক। তাঁর মতে, হেডের আক্রমণাত্মক মানসিকতা তাঁকে নিজের ব্যাটিং স্টাইল আরও সাহসী করতে সাহায্য করেছে।
বর্তমান ফর্ম ও অভিজ্ঞ খেলোয়াড়দের সান্নিধ্যে অভিষেক শর্মা এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।