আজকাল ওয়েবডেস্ক: শারদূল ঠাকুরের ব্যাটে ভর করে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে লড়াই করছে মুম্বই। ৪৭ রানে ৭ উইকেট হারায় অজিঙ্ক রাহানের দল। এই অবস্থায় অর্ধশতরান করে দলকে লড়াইয়ে ফেরান শারদূল। ৫৭ বলে ৫১ রান করেন। ইনিংসে ছিল ২টি ছয়, ৫টি চার। কিন্তু সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়ার জন্য হতাশা প্রকাশ করেন মুম্বইয়ের অলরাউন্ডার। তিনি জানান, দল নির্বাচন প্লেয়ারের মানের ভিত্তিতে হওয়া উচিত। প্রথম দিনের খেলার শেষে শারদূল বলেন, 'আমি নিজের মান নিয়ে কিই বা বলতে পারি? এই নিয়ে বাকিদের কথা বলা উচিত। কারোর কোয়ালিটি থাকলে, তাঁকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত।' কোনও নাম না করেই নির্বাচকদের খোঁচা দেন তিনি।
আগের বছর রঞ্জি সেমিফাইনালে ন'নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন। ১০৫ বলে ১০৯ রান করেন। এই প্রসঙ্গে শারদূল বলেন, 'আমি কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে পছন্দ করি। সহজ পরিবেশ এবং পরিস্থিতিতে সবাই ভাল খেলে। কঠিন সময় পারফরম্যান্সের গুরুত্ব আলাদা। কঠিন পরিস্থিতি চ্যালেঞ্জ হিসেবে নিই এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করি।' আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর ওপর আগ্রহ দেখায়নি। তবে সেই সেটব্যাক ভুলে এগিয়ে গিয়েছেন। এক দশকে প্রথমবার রঞ্জিতে খেললেন রোহিত শর্মা। তবে খারাপ ফর্ম অব্যাহত। মাত্র ৩ রানে আউট হন। এই প্রসঙ্গে শারদূল জানান, প্রত্যেক মুম্বইকর রঞ্জি খেলতে ভালবাসে। দীর্ঘদিন না খেললেও, ব্যাট হাতে নামলেই এক অন্য গ্রহে প্রবেশ করে।
















