আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। টি–২০ বিশ্বকাপের মাঝেই রোহিতের অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে নামবেন রোহিত। ৩৮ বছরের তারকা ব্যাটারকে মুম্বই ফ্রাঞ্চাইজির কোচিং স্টাফেদের সঙ্গে অনুশীলনে দেখা গিয়েছে। হিটম্যানের অনুশীলনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মার্চের শেষেই আইপিএল শুরু হওয়ার কথা। আর রোহিত দেশের হয়ে শেষ খেলেছেন জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে। দেশের হয়ে এখন আর ওয়ানডে ও টি–২০ খেলেন না রোহিত। খেলেন শুধু একদিনের ক্রিকেট ও আইপিএল।
এর আগে অভিষেক নায়ারের অধীনে রোহিতকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। সেটা দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে। আর এবার ফের আইপিএলের আগে অনুশীলন শুরু করে দিলেন রোহিত। এখন ওজন অনেকটাই ঝরিয়েছেন। অনুশীলনের মাঝামাঝি ভারতের ম্যাচেও হাজির থাকছেন রোহিত। কলম্বোয় ছিলেন। আমেদাবাদেও ছিলেন।
এদিকে, সূর্যর নেতৃত্ব নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে ভারত। ব্যাটিং ব্যর্থতাতেই দেখতে হয়েছে হারের মুখ। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর মতে, সাত থেকে পনেরো ওভারের মধ্যে হেরে যায় ভারত। জসপ্রীত বুমরাকে ঠিকমতো ব্যবহার করতে না পারার ফলে এই হাল হয়েছে। কাইফের কথায়, রোহিত শর্মা অধিনায়ক থাকলে বুমরাকে এভাবে ব্যবহার করতেন না।
কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘সাত থেকে পনেরো ওভারের মধ্যে আমরা হেরে গিয়েছি। বুমরার দুই ওভার আগেই করিয়ে ফেলা হয়েছিল। ডেথ ওভারের জন্য আরও দু’ওভার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত শর্মা কখনওই এভাবে ওকে ব্যবহার করত না।’ পাওয়ার প্লেতে সেদিন দু’ওভার বল করেন ৩২ বছরের পেসার। কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটনের উইকেট পান তিনি। অন্য প্রান্তে অর্শদীপ সিং ফেরান এইডেন মার্করামকে। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে থিতু হয়ে যান ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিস। তাঁদের জুটিতে ওঠে ৫১ বলে ৯৭ রান। শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রাক্তন ক্রিকেটারের কথায়, মাঝের একটা ওভারে বুমরার আসা উচিত ছিল।
