আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে নেই রোহিত শর্মা। কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই নিয়ে কোনও আপডেট নেই। আগে জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের জন্মের ওপর সবকিছু নির্ভর করছে। কিন্তু পুত্র সন্তান হওয়ার পরও এখনও অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার দিনক্ষণ জানানো হয়নি। দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য রোহিতকে অভিনন্দন জানান প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খান্না। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার বার্তাও দিয়ে রাখেন। নিজের উদাহরণ টেনে সুরিন্দর বলেন, 'প্রথমত, আমি রোহিত এবং তাঁর পরিবারকে অভিনন্দন জানাতে চাই। এবার পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে। একটা ছেলে এবং মেয়ে হয়ে গিয়েছে। এবার রোহিতের উচিত অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট ম্যাচ খেলা। আমার বিয়ের পর বৌভাতের রাতে ম্যাচের জন্য আমাকে দলের সঙ্গে যোগ দিতে হয়েছিল। আমি যখন ঘরে ঢুকি, তখন ভোর চারটে। বিমানবন্দরে যাওয়ার জন্য আমার স্ত্রী আমাকে তুলে দেয়। প্লেয়ারদের এমন দায়বদ্ধতা থাকা উচিত।' 

অস্ট্রেলিয়া সিরিজের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। মঙ্গলবার পারথের অপটাস স্টেডিয়াম প্রথম অনুশীলন করে কোহলি, বুমরারা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা ভুলে নতুন করে শুরু করতে হবে টিম ইন্ডিয়াকে। এই অবস্থায় দলের দুই প্রধান তারকা রোহিত শর্মা এবং শুভমন গিলের‌ না থাকা বড় ক্ষতি। এই সিরিজের ওপর নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য। সরাসরি যোগ্যতাঅর্জন করতে পাঁচের মধ্যে চারটে টেস্ট জিততে হবে ভারতকে। নয়তো তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের রেজাল্টের দিকে। বর্তমানে টেবিলে দু'নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু বাকি দুই দল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই প্রথম দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হচ্ছে।