আজকাল ওয়েবডেস্ক: আর একটি বিশ্বকাপ খেলতে চান। সেটা ২০২৭ সালে। ইতিমধ্যেই টেস্ট ও টি–২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে একদিনের আন্তর্জাতিকে সাম্প্রতিক সিরিজগুলিতে ভাল ছন্দে ছিলেন তিনি। বুধবার সেই রোহিত স্পষ্ট করে দিয়েছেন, পরের বছর একদিনের বিশ্বকাপে তিনি খেলতে চান। শুধু তাই নয়, দেশকে ট্রফিও জেতাতে চান।
বুধবার একটি অনুষ্ঠানে এসেছিলেন রোহিত। সেই অনুষ্ঠানে ৫০ ওভারের ক্রিকেটের মাহাত্ম্যের কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই এবং দেশকে ট্রফি জেতাতে চাই। ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তখন টি২০ বিশ্বকাপ, আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ–কিছুই ছিল না। তখন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে ছিল এই বিশ্বকাপই, যেটা প্রতি চার বছরে একবার আয়োজিত হত।’
এটা ঘটনা, ২০২৩ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েও ট্রফি পাননি রোহিত। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে ভারত। অধরা ট্রফি অন্তত এক বার ছুঁতে চান রোহিত। বলেছেন, ‘কোনও তাড়াহুড়ো করছি না। কিন্তু ওই একটা ট্রফির ওজন সাংঘাতিক। তাই সেটা জেতার আপ্রাণ চেষ্টা করব। আমার কাছে যতটা শক্তি আছে, তা কাজে লাগিয়ে পরিশ্রম করে ট্রফি জেতার চেষ্টা করব।’
এটা অবশ্য ঘটনা, একদিনের বিশ্বকাপের ইতিহাসে রোহিত অন্যতম সফল ব্যাটার। ২৮টি ম্যাচে ১৫৭৫ রান করেছেন, যা চতুর্থ সর্বোচ্চ। তিনটি বিশ্বকাপ খেলে দু’বার প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। সাতটি শতরান আছে তাঁর।
রোহিতের কথায় এটা অন্তত স্পষ্ট, তিনি পরোক্ষে, গম্ভীরকে বার্তা দিয়ে রাখলেন।
