আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু'দিন। তারপরই লাল বলের ক্রিকেটে শুরু গৌতম গম্ভীরের অগ্নিপরীক্ষা। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট। ওপার বাংলার দলের জন্য 'বিশেষ অস্ত্র' তৈরি রাখছেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। নেটে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা চালায় ভারতীয় ক্রিকেটের নতুন জুটি। তারমধ্যে তাঁদের একটি পদক্ষেপ অবাক করার মতো। নেটে যশস্বী জয়েসওয়ালকে লেগ স্পিন করতে দেখা যায়। ওপেনিংয়ের পাশাপাশি এবার হয়তো বাড়তি দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। ব্যাটের পাশাপাশি বল হাতে কয়েকটা ওভার করে দিতে পারলে, দলে তাঁর জায়গা পাকা। শুধুমাত্র টেস্টে নয়, ক্রিকেটের সব ফরম্যাটে। সেই কারণেই হয়তো বাড়তি উদ্যোগ নিয়ে নেটে একটানা বল করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে।
ইন্টারনেটে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে বল করতে দেখা যায় যশস্বীকে। যদিও স্পিন বিভাগের দায়িত্ব মূলত থাকবে এই দু'জনের ওপর। তাঁদের নতুন পার্টনার হতে পারেন যশস্বী। টেস্টে এখনও পর্যন্ত মাত্র এক ওভার বল করেছেন ভারতীয় ওপেনার। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয় রান দেন। চেন্নাইয়ে লাল মাটির পিচ হবে। উইকেট থেকে বেশি সাহায্য পাবে পেসাররা। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখিয়েছে। তারওপর শ্রীলঙ্কার স্পিনারদের কাছে নাস্তানাবুদ হয় ভারতীয় ব্যাটাররা। তাই সবদিক বিবেচনা করেই লাল মাটির পিচ বানানো হয়েছে। রবিবার দুপুরে চেন্নাই পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। ঢাকা বিমানবন্দরে অধিনায়ক শান্ত বলেন, 'আমাদের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দলে বাড়তি আত্মবিশ্বাস আছে। প্রত্যেক সিরিজ আমাদের কাছে বড় সুযোগ। আমরা জয়ের জন্যই খেলব। আমরা সঠিক পদ্ধতিতে এগোনোর চেষ্টা করব। সেটা করতে পারলে রেজাল্ট আসবে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে রয়েছে ভারত। রোহিতদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তৈরি বাংলাদেশ।
















