আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে মন্দিরে মাথা ঠুকলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গেলেন অযোধ্যা। রাম জন্মভূমি মন্দির দর্শনে যান দলের আরও কয়েকজন সদস্যও। নিজেদের এক্স হ্যান্ডেলে অযোধ্যা সফরের একটি ছবি পোস্ট করে এলএসজি। ক্যাপশনে লেখা হয়, 'আইপিএল শুরুর আগে প্রার্থনা করতে ডঃ সঞ্জীব গোয়েঙ্কা অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়েছেন। সঙ্গে গিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ এবং দলের বাকি সদস্যরা।' 

আইপিএলে অভিষেকের পর মিশ্র রেজাল্ট পেয়েছে এলএসজি। কেএল রাহুলের অধিনায়কত্বে ২০২২ আইপিএলের প্লে অফে উঠেছিল লখনউ। কিন্তু এলিমিনেটরে হেরে ছিটকে যায়। পরের আইপিএলেও একই গল্প। এলিমিনেটরে বিদায় নেয়। সেই মরশুমে দ্বিতীয় পর্বে দলকে নেতৃত্ব দেন ক্রুনাল পাণ্ডিয়া। ২০২৪ আইপিএলে লিগের গণ্ডি পার করতে পারেনি রাহুলের এলএসজি। ২০২৫ মেগা নিলামের আগে ম্যানেজমেন্ট রাহুলকে ছেড়ে দেয়। ২৭ কোটি দিয়ে ঋষভ পন্থকে নেয় লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। পন্থের নেতৃত্বে ডাহা ব্যর্থ হয় লখনউ। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছ'টিতে জেতে। 

লিগের দ্বিতীয় পর্বে পারফরম্যান্স গ্রাফ আরও পড়ে যায়। টানা চার হারে প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে হার কফিনে শেষ পেরেক। ব্যাট হাতেও ব্যর্থ পন্থ। ১৩ ইনিংসে মাত্র ২৬৯ রান করেন। গত আইপিএলে একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে। শেষ ম্যাচে একশো করেন ঋষভ। এবার প্রথম আইপিএল ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে লখনউ। ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে এলএসজি। তারপর ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। তারপর ৯ এপ্রিল এবং ১২ এপ্রিল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। শুরুটা ভাল করতে চাইবেন ঋষভ পন্থরা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা সারেন। প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মন্দির দর্শন নতুন নয়। প্রতি বছর যান গৌতম গম্ভীর। শুধুমাত্র আইপিএল নয়, বড় কোনও টুর্নামেন্টের ফাঁকেও সুযোগ পেলেই মন্দির দর্শনে যান। এবার আইপিএলের ফাইনালে যাওয়ার জন্য মরিয়া লখনউ। তাই কোনও খামতি রাখতে চান না সঞ্জীব গোয়েঙ্কারা।