আজকাল ওয়েবডেস্ক: আরও একটা আইপিএলে কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? ভারতের অন্যতম সেরা অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ ঘিরে হঠাৎই প্রশ্নচিহ্ন। জানা গিয়েছে, পরের আইপিএলে খেলা নিয়ে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে এখনও খোলসা করে কিছু জানাননি ধোনি। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে আইপিএলের মেগা নিলাম হবে। তার আগে এরমধ্যেই প্লেয়ার রিটেনশনের নিয়মকানুন ঘোষণা করবে বিসিসিআই। সম্প্রতি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, পাঁচজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। যা অনেকটাই স্বস্তি দেবে। তবে কোনও রাইট টু ম্যাচ কার্ড থাকবে না। রিটেনশন নিয়ম যাই হোক না কেন, ধোনিকে রাখবে চেন্নাই। এটা একশো শতাংশ নিশ্চিত। তবে প্রশ্ন হল, তিনি কি আরও একটা আইপিএল খেলার জন্য তৈরি। এখনও পর্যন্ত সেটাই জানা যায়নি। ভারতীয় দল থেকে অবসর নেওয়ায়, আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলতে পারেন ধোনি। তবে এখনও বোর্ড বা সিএসকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। 

দু'বছর আগে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন করেন ধোনি। অনেকেই ভেবেছিলেন, দলকে জেতানোর পর সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন মাহি। কিন্তু ধোনি জানান, শেষ আইপিএল তিনি ঘরের মাঠে খেলতে চান। গতবছর আইপিএল শুরুর একদিন আগে সবাইকে অবাক করে নেতৃত্ব ছাড়েন ধোনি। ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করা হয়। তবে সব ম্যাচই খেলেন ধোনি। পেছন থেকে নতুন অধিনায়ককে সাহায্য করেন। জানান, তিনি থাকতে থাকতেই ঋতুরাজকে তৈরি করতে চান। কিন্তু গতবার সাফল্য পায়নি চেন্নাই। সব ম্যাচ খেললেও, পায়ের চোট নিয়ে নাকানিচোবানি খান ধোনি। হয়তো এই কারণেই নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। কয়েকদিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে ঋষভ পন্থকে ধরে রাখছে দিল্লি ক্যাপিটলস। বর্তমানে তাঁর মূল্য ১৬ কোটি। বাজেটের ভিত্তিতে টাকা আরও বাড়ানো হতে পারে। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকেও রেখে দেওয়া হতে পারে। বিদেশিদের মধ্য জেক ফ্রেজার ম্যাকগুর্ক এবং ট্রিস্টান স্ট্যাবসকে রাখা হবে।