আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন হেড কোচ ও কিংবদন্তি অলরাউন্ডার রবি শাস্ত্রী আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে অভিষেকের সুযোগ না দেওয়ায় গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সমালোচনা করেছেন।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, আয়ারল্যান্ডের উইকেট ও ছোট মাঠ বৈভবের মতো আগ্রাসী ব্যাটারের জন্য আদর্শ ছিল। তাঁর মতে, এমন পরিস্থিতিতে সূর্যবংশীকে খেলানো উচিত ছিল।
শাস্ত্রী বলেন, ''ওকে আয়ারল্যান্ডেই খেলানো উচিত ছিল। উইকেট ছিল ধীরগতির ও স্পঞ্জি, আর মাঠও ছিল ছোট। ও অনায়াসে ছক্কা হাঁকাতে পারত। আইপিএলে ও কোনও বোলারকেই সমীহ করেনি। এত ভাল পারফরম্যান্সের পরও বৈভবকে বেঞ্চে বসিয়ে রাখা ঠিক নয়। এখন দেখার বিষয়, ইংল্যান্ড সিরিজে ও সুযোগ পায় কি না।''
তিনি আরও বলেন, সূর্যবংশী ভারতের টি-টোয়েন্টি দলের ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন। তরুণ এই ওপেনারের নির্ভীক মানসিকতা ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশংসা করে শাস্ত্রী জানান, ইনিংসের শুরুতেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তাঁর, যা মিডল অর্ডারের ব্যাটারদের জন্য শক্ত ভিত গড়ে দিতে পারে।
এদিকে, সূর্যবংশীর অভিষেকের দাবি জোরালো হওয়ার মধ্যেই অফ-ফর্মে রয়েছেন ওপেনার সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ১ রান করে আউট হন। অন্যদিকে, তাঁর ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা দারুণ ছন্দে রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ভারত-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির জন্য় পরিত্যক্ত হয়।
















