আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপ ফাইনালের দিনই বাগদান সারলেন পৃথ্বী শ। অর্জুন তেন্ডুলকারের পর নতুন জীবনের পথে পা বাড়ালেন আরও এক ক্রিকেটার। টি–২০ বিশ্বকাপ ফাইনালের দিনই বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সেরে ফেললেন পৃথ্বী শ।


গত ৫ মার্চ আকৃতিকে সঙ্গে নিয়েই শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পৃথ্বী। সে দিনও তাঁর নতুন জীবন শুরুর পরিকল্পনার খবর পাওয়া যায়নি। তিন দিন পরই বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। রবিবারের অনুষ্ঠানে দু’পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। ২০২৫ সালে প্রথম দু’জনের সম্পর্কের কথা জানা যায়। 


মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি আকৃতি। শচীন–কন্যা সারা তেন্ডুলকার এবং পৃথ্বীর বোনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আকৃতির। বোনের মাধ্যমেই বান্ধবীর সঙ্গে আলাপ হয় পৃথ্বীর। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ আকৃতি। উল্লেখ্য, অর্জুনের স্ত্রী সানিয়া চন্দোক সম্পর্কে আকৃতির বোন হন। সানিয়াও ঘাইয়ের নাতনি। সেই হিসাবে সম্পর্কে অর্জুনের শ্যালিকা হন আকৃতি।


প্রসঙ্গত, অর্জুনের মতো পৃথ্বীও এখন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন না। গত দু’বছর শৃঙ্খলাভঙ্গ–সহ নানা অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে। ঠিক মতো অনুশীলন না করা, ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারার মতো অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। মুম্বইয়ের ক্রিকেটমহলে কোণঠাসা হয়ে পড়া পৃথ্বী এবছর থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন মহারাষ্ট্রের হয়ে। ক্রিকেটজীবনের কঠিন সময়েও পৃথ্বীর সঙ্গ ছাড়েননি আকৃতি।


টি–২০ বিশ্বকাপ ফাইনালের দিন সোশাল মিডিয়ায় আকৃতির সঙ্গে বাগদানের খবর জানালেন পৃথ্বী। হাঁটু মুড়ে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মাঠে ছক্কা মারা থেকে মাঠের বাইরে আজীবনের সঙ্গী। তুমি আমার পারফেক্ট ইনিংস।’