আজকাল ওয়েবডেস্ক: নিজের দেশের ক্রিকেটকেই দুষছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। এবার আহমেদ শেহজাদ আরও বড় আক্রমণ করে বসলেন পাক ক্রিকেটকে। 

এই পাকিস্তান বাংলাদেশের কাছেও সিরিজ হারছে এখন। বাংলার বাঘেদের বিরুদ্ধে ২-১ -এ সিরিজ হেরেছে পাকিস্তান। 

ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ১১ রানে হার মেনেছে। শেহজাদ আক্রমণ করেছেন পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও কোচ মাইক হেসনকে। 

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করার পরেও দলে কোনও পরিবর্তন করা হয়নি। দলে তরুণ ক্রিকেটারদের নিলে। সিরিজ হারের পরে এখন তোমরাই বলছো, প্রথম একাদশে তরুণ খেলোয়াড়রা থাকার জন্যই দল হেরেছে।'' 

শেহজাদ বলেছেন, নিজের ভুল স্বীকার না করলে জীবনে এগনো সম্ভব নয়। 

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফকর জামান ও বাবর আজমকে ছাড়াই খেলেছে পাকিস্তান। আফ্রিদি ও হেসন বলেছেন, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। শেহজাদ এরপরে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, ''পাকিস্তান এখন অ্যাসোসিয়েট টিম হয়ে গিয়েছে। পাকিস্তানকে এখন সবাই জিম্বাবোয়ে বলে মনে করছে। এই পাকিস্তান বিশ্বকাপ থেকে নেট রান রেটের জন্য ছিটকে গিয়েছে। লজ্জা হওয়া উচিত তোমাদের।'' 

পাক ক্রিকেট এখন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ভারতের কাছে লাগাতার ম্যাচ হারে। এবার বাংলাদেশের কাছেও তারা সিরিজ হারছে। তবুও পাক ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মনে করছেন দেশের ক্রিকেট এখনও শেষ হয়নি। কিন্তু কয়েকজন পাক ক্রিকেটার মনে করছেন পাকিস্তান ক্রিকেট অন্ধকারে তলিয়ে গিয়েছে। নিজের সুনাম আর রাখতে পারছে না। অ্যাসোসিয়েট দেশগুলোও বড় দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু পাকিস্তান হার মানছে নিয়ম করে।