আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নজর কেড়েছিলেন। সেই পাক পেসার মহম্মদ আব্বাসকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় অভিজ্ঞ অফ-স্পিনার সাজিদ খানকে।

প্রথম টেস্টে আব্বাস ছিলেন পাকিস্তানের সেরা বোলার। তিনি ৮ উইকেট নিয়েছিলেন। এক ইনিংসে পাঁচ উইকেটও ছিল। তাঁর দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২১১ রান করে। দ্বিতীয় টেস্টের ভেন্যু কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেনের উইকেট বিবেচনা করে আব্বাসকে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

টসের সময় বাবর বলেন, "এখানকার কন্ডিশন ভিন্ন। তাই আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।"

আব্বাসের পাশাপাশি একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল ও খুররম শাহজাদও। তাঁদের জায়গায় অভিষেক হয়েছে আওয়াইস জাফর ও উবাইদ শাহের। এছাড়া চোটের কারণে প্রথম টেস্টে সেঞ্চুরি করা শান মাসুদের পরিবর্তে দলে ফিরেছেন আবদুল্লাহ শফিক। 

পরিসংখ্যান বলছে, আগের টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পরও পাকিস্তানের একাদশ থেকে কোনও বোলারকে বাদ দেওয়ার ঘটনা গত সাড়ে চার দশকে এই প্রথম। ১৯৭৯-৮০ সালে ভারত সফরে কানপুর টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পরও এহতেশামউদ্দিনকে পরের চেন্নাই টেস্টে বাদ দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে খেলেছিলেন ইমরান খান।